Logo
Logo
×

রাজনীতি

চলতি মাসেই এক যুবককে কুপিয়ে গুরুতর আহত করে রাসেল বাহিনী

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৮ জুন ২০২৩, ০১:২৩ পিএম

চলতি মাসেই এক যুবককে কুপিয়ে গুরুতর আহত করে রাসেল বাহিনী
Swapno



সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটিতে শম্ভুপুরা ইউনিয়নের প্রয়াত নাসিরউদ্দিনের ছেলে উঠতি যুবক রাসেল উদ্দিন রাসেলকে সোনারগাঁ থানা আওয়ামীলীগের সদস্য হিসেবে নাম প্রস্তাব নিয়ে তুলকালাম ঘটনা চলছে। এরই মধ্যে উঠে এসেছে রাসেল ও তার বাহিনী শম্ভুপুরা ইউনিয়নে একবছরে ২৫ জনের বেশিকে মারধর করে আহত করেছে।

 

 

মারধরের ঘটনায় সর্বশেষ ২১ জুন রাসেলকে প্রধান আসামী করে নারায়ণগঞ্জ আদালতে চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী মো. হারুন অর রশীদ শেখ। মামলায় বাদী রাসেলের বিরুদ্ধে জমিসংক্রান্ত বিষয়ে চাঁদা দাবি করার কথা উল্লেখ করেন। এদিকে রাসেল  বাহিনীর বিরুদ্ধে গত ১০ জুন শম্ভুপুরা ইউনিয়নের চরহোগলা কবরস্থানের কাছে একই এলাকার নুরুল হকের ভাতিজা জায়েদকে (১৮) কুপিয়ে গুরুতর আহত করে রাসেল বাহিনী।

 

 

এঘটনায় আহত জায়েদের চাচা নুরুল হক রাসেল বাহিনীর সাকিব, মুন্না, জোবায়ের, জিহাদ, রিপন, রতন, সোবহানসহ আরো ৪/৫জনকে অজ্ঞাত আসামী করে থানায় মামলা দায়ের করেছেন।  মামলায় উল্লেখ করা হয়, পূর্ব শত্রুতার জের ধরে ৭ জুন জায়েদের উপর চাইনিজ কুড়াল, চাপাতি, রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালায়।

 

 

হামলা চালানো ব্যক্তিরা রাসেল বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে পরিচিত। আর  এখন ছাত্রলীগ-যুবলীগ কিংবা আওয়ামীলীগের কোন অঙ্গসংগঠনের সাথে জড়িত না থাকলেও  কয়েক নেতাকে আর্থিকভাবে সহযোগিতা করার কারণেই এই রাসেল বাহিনীর নাম সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটিতে সদস্য হিসেবে নাম প্রস্তাব করা হয়েছে বলে অভিযোগ এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, রাজনীতিতে জড়িত না থাকলে নানা কুকর্মের জন্য কুখ্যাত রাসেল ও তার বাহিনী।

 

 

শম্ভুপুরা ইউনিয়নসহ উপজেলার ১০টি ইউনিয়নের সিনিয়র তৃণমূল নেতারা যেখানে প্রস্তাবিত কমিটিতে ঠাঁই পাননি সেখানে রাসেল নামের এই যুবক অর্থের বিনিময়ে তালিকায় ঠাঁই পেয়েছেন বলে অভিযোগ তৃণমূলের। এনিয়ে শম্ভুপুরা বাজার, ময়নাকান্দি ও হোসেনপুরে তীব্র প্রতিবাদ সভা করেছেন তৃণমূলের বয়োজ্যেষ্ঠ আওয়ামীলীগ নেতারা।

 

 

তারা বলছেন, শম্ভুপুরা ইউনিয়নের যে ৭১ সদস্য বিশিষ্ট আওয়ামীলীগের কমিটি রয়েছে সেখানকার কোন নেতাকে না নিয়ে রাজনীতিতে হাতে খড়ি নেই এমন  ছেলেকে সরাসরি থানা আওয়ামীলীগের সদস্য পদে নাম প্রস্তাব করাটা একেবারেই বেমানান। এখানে যে অসঙ্গতি রয়েছে এটা পরিষ্কার।  এন.হুসেইন রনী /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন