বঙ্গবন্ধুর স্বপ্নকে এগিয়ে নিতে ক্যাডেটদের প্রতি ডিসি’র আহবান
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২১, ১০:০২ পিএম
জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেছেন, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতি মূহুর্তেই একটি স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের কথা বলতেন। তিনি শরীরচর্চা, সামাজিক শৃঙ্খলাসহ এই বাংলার মানুষকে এগিয়ে যাওয়ার ব্যাপারে নিজেও কাজ করেছেন এবং অন্যকেও এই কাজগুলো করতে তাগিদ দিয়েছেন। তিনি স্বপ্ন দেখতেন একটা পরিচ্ছন্ন ও সুন্দর সোনার বাংলা তৈরীর। তাই বিএনসিসির যে সকল ক্যাডেট এখানে আছে, আমি তাঁদের প্রতি অনুরোধ করবো তাঁরা যেনো বঙ্গবন্ধুর সেই স্বপ্নগুলো বাস্তবায়নের জন্য সর্বদা কাজ করে যায়। এবং তা এগিয়ে নিয়ে যায়। পাশাপাশি আমি সকলকে অনুরোধ করবো আমাদের করোনা ভ্যাকসিন অত্যান্ত নিরাপদ তাই আপনারা সবাই ভ্যাকসিন গ্রহন করুন।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর আয়োজিত করোনা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালি ও মাস্ক বিতরণ কর্মসূচীর উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমি অত্যান্ত আনন্দিত যে আমাদের কোভিড মহামারির মধ্যে বিএনসিসির পক্ষ থেকে সচেতনতামূলক উদ্যোগ গ্রহন করা হয়েছে। যা আমাদের করোনা ও ডেঙ্গু প্রতিরোধে সামাজিক সচেতনতা তৈরি করতে পারে। আমি আশা করি এর মাধ্যমে সাধারণ মানুষের কাছে ইতিবাচক বার্তা পৌছে যাবে।
এ সময় উপস্থিত ছিলেন সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ প্রফেসর বেলা রানী সিংহ, নারায়ণগগঞ্জ সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর দাবিউর রহমান, নারায়ণগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুমন রেজা, রমনা-২ ব্যাটালিয়নের এ্যাডজুটেন্ট মেজর কাওসার জাহান আকন্দ ও বিএনসিসিও লেফটেনেন্ট জীবন কৃষ্ণ মোদক প্রমুখ।


