শহরের মাছঘাটে জুয়ার আস্তানায় র্যাবের হানা, গ্রেফতার ১২
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২১, ১০:১৮ পিএম
নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা সংলগ্ন ৫নং মাছঘাটের জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে ১২ জুয়াড়িকে হাতে-নাতে গ্রেফতার করেছে র্যাব-১১। এসময় তাদের দখল হতে জুয়া খেলার ৪ হাজার ৭০০ টাকা ও জুয়ার সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে এই অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন র্যাব-১১’র অতিরিক্ত পুলিশ সুপার মো.জসিম উদ্দিন চৌধুরী।
গ্রেফতাররা হলেন, মো. মুসা (৫২), মো. শিপু ঘরমি (২৯), মো.সোহেল হোসেন (৩৮), শাহ আলম (৪৪), রবিন (১৮), সজল শীল (৩৪), আউয়াল (৪০), শামসু (৫৫), খোকন মন্ডল (৩২), মোক্তার হোসেন (৪৩), মামুন (৫৪) এবং মজিবুল হক (৬০)।
র্যাব-১১’র কোম্পানী কমান্ডার জসিম উদ্দীন চৌধুরী জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় দীর্ঘদিন ধরে চলে আসছিল জুয়ার আসর। কখনো বাসের ভিতর আবার কখনো ২-৩ বাস রেখে মাঝে চলতো এই জুয়ার আসর। সম্প্রতি একটি সংঘবদ্ধ চক্র ৫নং মাছ ঘাটের পাশে রেলওয়ের খালি জায়গা দখল করে বাঁশ ও টিন দিয়ে বেড়া দিয়ে জুয়ার আস্তানা বানিয়ে জুয়ার আসর চালিয়ে আসছে। সেখানে প্রায় শতাধিক লোক নিয়মিত নিষিদ্ধ জুয়া খেলায় অংশ নিত এবং প্রতিদিন লাখ লাখ টাকার খেলা হয়। নিষিদ্ধ জুয়ার আস্তানা বন্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।


