শামসুজ্জোহা ও চুনকা কাপড় ছেঁড়ার রাজনীতি করে নাই : আনোয়ার (ভিডিও)
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২১, ০৯:১৭ পিএম
নারায়ণগঞ্জের রাজনীতিতে কলঙ্কিত অধ্যায় পরিচালিত হচ্ছে উল্ল্যেখ করে জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন বলেছেন, ‘তৎকালীন রাজনীতিতেও নারায়ণগঞ্জে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু বিরাজমান ছিলো। আলী আহম্মদ চুনকা উত্তর মেরুতে নেতৃত্ব দিতো আর সামসুজ্জোহা দক্ষিণ মেরুতে নেতৃত্ব দিতো। কিন্তু এখন যেই অবস্থা, তাদের উত্তরসূরিরা আজকে যেই রাজনীতি শুরু করেছে! আলী আহম্মদ চুনকা আর জোহা সাহেবরা এই রাজনীতি করে নাই। তাদের মধ্যে রাজনৈতিক বিরোধ ছিল, কিন্তু সেই বিরোধ এমন পর্যায়ে যায় নাই যে, একজন আরেক জনকে গালি দিবে, আবার, একজন আরেক জনকে কাপড় ছিঁড়ে দিবে। আজকে নারায়ণগঞ্জের রাজনীতিতে এক কলঙ্কিত অধ্যায় পরিচালিত হচ্ছে’!
শনিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরীর দুই নং রেলগেট এলাকায় অবস্থিত জেলা ও মহানগর আওয়ামীলীগের পার্টি অফিসে প্রয়াত নেতা শামসুজ্জোহা এবং আলী আহম্মদ চুনকার স্মরণে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আনোয়ার হোসেন আরো বলেন, আমি ভালে কাজে উৎসাহ দেই এবং খারাপ কাজের সমালোচনা করি। আমার অনুরোধ, আপনারা আপনাদের পূর্ব-পূরুষদের ঐতিহ্য রক্ষার চেষ্টা করুন। আলী আহম্মদ চুনকা আর সামসুজ্জোহা যেই আদর্শের রাজনীতি করতো সেই আদর্শ মেনে রাজনীতি করার চেষ্টা করুন। আমরা স্বচ্ছ রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই। বসন্তের কোকিলদের প্রয়োজন নেই।
সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে তিনি বলেন, আমি দেখেছি আলী আহম্মদ চুনকা যখন বিপদে পরতো সামসুজ্জোহা তখন এগিয়ে আসতো আর সামসুজ্জোহা বিপদে পরলে আলী আহম্মদ চুনকা তখন এগিয়ে আসতো। আমরা যদি ভালো রাজনীতি করতে চাই, ভালো সমাজ গড়তে চাই, ভালো দল করতে চাই, তাহলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।


