প্রতিদিন ১০০ পুলিশ লাগিয়ে দিয়েছে,সকাল-সন্ধ্যা বিক্ষোভের হুঁশিয়ারি
প্রকাশ: ০২ মার্চ ২০২১, ০৯:২৯ পিএম
নারায়ণগঞ্জের বঙ্গবন্ধু সড়কের ফুটপাতে হকার পুনর্বাসন করার আগে হকার উচ্ছেদ করলে, সকাল-সন্ধ্যা বিক্ষোভ মিছিল করার হুঁশিয়ারি দিয়েছে নারায়ণগঞ্জ জেলা হকার্স সংগ্রাম পরিষদ।
মঙ্গলবার (৩ মার্চে) বিকালে চাষাঢ়া থেকে নারায়ণগঞ্জ জেলা হকার্স সংগ্রাম পরিষদ একটি বিক্ষোভ মিছিল শেষে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামেন এসে সমাবেশে এই ঘোষণা দেন হকার নেতা জেলা হকার্স সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম আসাদ।
আসাদ বলেন, আমাদের দীর্ঘদিনের দাবি পুরণের জন্য বিভিন্ন দপ্তরে স্মারক দিয়ে আসছি, আজও পর্যন্ত তা পূরণ হয় নাই। জানিনা কোন অদৃশ্য শক্তির ঈশারায় তা হচ্ছে না। চাষাঢ়া সোনালি ব্যাংক থেকে গ্রীণ্ডলেজ ব্যাঙ্ক মোড় পর্যন্ত হকার উচ্ছেদ হয়। নারায়ণগঞ্জ শহরের তথা বাংলাদেশে সব জায়গায় হকার আছে কোথাও সমস্যা হয় না। বার বার বলার পর এর প্রতিক্রিয়া পাই না। আপনাদের শহর আপনাদের ইচ্ছা ফুটপাত রাখবেন না, পরিষ্কার করে ফেলবেন । আমরাও আপনাদের সাথে একমত। নারায়ণগঞ্জ শহরকে মালেয়শিয়া, সিঙ্গাপুর, লন্ডন বানাবেন। আমাদের কাছে এই সংবাদটিও খুব আনন্দের। আমরাও চাই এই শহর সুন্দর হোক। কিন্তু তার আগে এই গরিব হকারদের পুনর্বাসন করেন। আমরা দীর্ঘদিন ধরে পুনর্বাসনের দাবি করে আসছি, কেন তা পূরণ করা হচ্ছে না। কার ঈশারায় আমাদের সাথে তাল বাহানা করা হচ্ছে। হকারসহ নারায়ণগঞ্জবাসী জানতে চায়, কেন আমাদেরকে নিয়ে বসা হচ্ছে না। কেন পুনর্বাসন করা হচ্ছে না। আমাদেরকে বলা হয়েছিলো জায়গা নির্ধারণ করতে। আমরা জায়গা নির্ধারণ করে দিয়েছি। ২০০৮ সালে চাষাঢ়া হকার্স মার্কেট দেয়া হয়েছিলো। এই ভবনকে বহুতল করে আমাদেরকে পুনবার্সন করা হোক। পুনর্বাসন না করে দেয়া পর্যন্ত আমাদেরকে বিকাল থেকে ফুটপাতে বসার সুযোগ করে দেয়া হোক। আমরা বসলে সাধারণ মানুষের চলাচল করতে কষ্ট হয়। কিন্তু ফুটপাত বন্ধ করে আলী আহম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলানায়তন বহুতল ভবন করা হয়েছে এর আশেপাশে জনগণ চলাচল করতে পারে না এই নিয়ে কারো মাথা ব্যাথা নাই।
আসাদ বলেন, হকারসহ নারায়ণগঞ্জবাসী মেয়রের কাছে জানতে চাই? চাষাঢ়া থেকে গ্রীণ্ডলেজ ব্যাংক মোড় পর্যন্ত হকার বসলে, এই নিয়ে প্রশাসনের মাথা ব্যথা। প্রতিদিন ১০০ পুলিশ লাগিয়ে দিয়েছে। প্রশাসনের কাছে অনুরোধ জানাই ওই (আলী আহম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলানায়তন) জায়গায় ফুটপাত বন্ধ হয়ে আছে তার ব্যবস্থা নিতে কি ভয় পান? গরিব বলে আমাদের লাঠি পেটা করতে ভয় পান না।
এসময় হকাররা পুনর্বাসন আগে পর্যন্ত ফুটপাতে বসতে না দিলে অনির্দিষ্টকালের জন্য বিক্ষোভ মিছিল চলবে বলে ঘোষণা দেন। হকার নেতারা বলেন, পর্যায়ক্রমে অনান্য কর্মসূচি ঘোষণা করবো, প্রয়োজনে সকাল সন্ধ্যা দুই বার বিক্ষোভ মিছিল করবো।
এসময় বিক্ষোভ মিছিলে নারায়ণগঞ্জ জেলা হকার্স সংগ্রাম পরিষদ সভাপতি আবদুল রহিম মুন্সিসহ অন্যান্য হকার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


