পৃষ্ঠপোষকতা পাওয়ায় ত্বকী হত্যার বিচার হয়নি : আনু মুহাম্মদ (ভিডিও)
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০৫ মার্চ ২০২১, ১১:২১ পিএম
নারায়ণগঞ্জে ত্বকী হত্যার ৮ বছর পূর্তি ও বিচার দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বিশিষ্ট অর্থনীতিবিদ আনু মুহাম্মদ বলেছেন, ত্বকী হত্যার বিচার হয়নি কারণ হত্যাকারীরা সরকারের পৃষ্ঠপোষকতা পায়। সরকার খুনীদের নিজের স্বার্থে ব্যবহার করে। কারণ এই সরকারের সাধারণ জনগণের উপর আস্থা নেই। তাদের আস্থা অপরাধীদের উপর, যাদের তারা ব্যবহার করে। শুক্রবার বিকেলে নগরের ডিআইটিতে চুনকা পাঠাগারের সামনের রাস্তায় সমাবেশটি অনুষ্ঠিত হয়।
ভিডিও লিংক : পৃষ্ঠপোষকতা পাওয়ায় ত্বকী হত্যার বিচার হয়নি
সমাবেশে আনু মুহাম্মদ আরো বলেন, দেশে সাংবাদিকদের অবস্থা আরও খারাপ। তারা সব দেখবে শুনবে কিন্তু কিছু লিখতে পারবে না। লেখক মুশতাক সরকারের কালো আইনের বলি হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনের নামে সরকার তাকে জেলে পুরে হত্যা করেছে। ৬ বার তার জামিন চাওয়া হলেও তাকে জামিন দেওয়া হয়নি। অথচ সরকারের আজ্ঞাবহ হলে তাদের ক্ষেত্রে সবই সম্ভব। তিনি বলেন, দেশে সংগঠিত সব অন্যায়ের বিচার দেশবাসী করবে। জনতার আদালত যে রায় দেবে তা সরকারকে কখনও না কখনও বাস্তবায়ন করতেই হবে। যেমনটা করতে হয়েছিল যুদ্ধাপরাধীদের ক্ষেত্রে। কারণ এইদেশের জনগণ ৯২ সালেই যুদ্ধাপরাধীদের বিচার করেছিল। ২০ বছর পর সেই রায়ই বাস্তবায়ন করতে হয়েছে সরকারকে। তিনি আশা প্রকাশ করে বলেন, ত্বকী, সাংবাদিক দম্পতি সাগর-রুনিসহ সব হত্যার বিচারই একদিন হবে।
তিনি বলেন, বর্তমান অবস্থা হচ্ছে যে সরকারের কোন সমালোচনা বা বিরুদ্ধে কোন কথা বলা যাবে না। সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বা দুই লাইন লিখে রাজশাহী, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন বিশ^বিদ্যালয়ের বেশ ক’জন শিক্ষককে গ্রেপ্তার হতে হয়েছে।
সন্ধ্যায় সমাবেশ থেকে একটি বিক্ষোভ মিছিল নগরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চাষাঢ়া শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
নিহত ত্বকীর বাবা রফিউর রাব্বি বলেন, আমার সঙ্গে ত্বকীর খুনি আজমেরী ওসমানের কোন দ্বন্দ্ব ছিল না। দ্বন্দ্ব ছিল শামীম ওসমানের সঙ্গে। শামীম ওসমানের নির্দেশেই সেদিন তার ভাতিজা আজমেরী ওসমান, ছেলে অয়ন ওসমান ও তাদের ক্যাডাররা ত্বকীকে হত্যা করেছে। ত্বকী হত্যার এক বছরের মধ্যেই তদন্ত সংস্থা র্যাবের তদন্তে এসব কিছু উঠে এসেছিল।
তিনি বলেন, আজকের এই সমাবেশ ত্বকী হত্যার বিচারের জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য নয়। কারণ প্রধানমন্ত্রী সবই জানেন। আমরা প্রধানমন্ত্রী ও স্থানীয় প্রশাসনকে বলতে চাই, আপনারা না করলেও নারায়ণগঞ্জবাসী ঠিকই ত্বকী হত্যার বিচার করবেই।
সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহবায়ক ও নিহত ত্বকীর বাবা রফিউর রাব্বির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, তেল গ্যাস বিদ্যুৎ বন্দর ও খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ, কবি ও সাংবাদিক হালিম আজাদ, খেলাঘর জেলা কমিটির সভাপতি রথীন চক্রবর্তী, সিপিবি জেরা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম, বাসদের জেলা সমন্বয়ক নিখিল দাস, নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিক, সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শঙ্কর রায়, গণসংহতি আন্দোলনের তরিকুল সুজন।


