রপ্তানির কোটি টাকার পোশাক উদ্ধার, গ্রেফতার ৮
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০৬ মার্চ ২০২১, ০৬:১৬ পিএম
কুমিল্লার চান্দিনা থানার কাশিমপুরের বাগুসি এলাকার মো. আবুল কালাম শামীম এর বড় গোডাউন ঘরের ভিতর অভিযান পরিচালনা করে রপ্তানিজাত পোশাকভর্তি কাভার্ডভ্যান হতে অভিনব কায়দায় পোশাক চুরি করার সময় সংঘবদ্ধ চোর চক্রের ৮ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১১। এসময় কোটি টাকার রপ্তানিজাত চোরাই পোশাকসহ ১টি কাভার্ডভ্যান উদ্ধার করে র্যাব।
শনিবার (৬ মার্চ) এক প্রেস বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন আদমজী র্যাব-১১ সিপিএসসি’র কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী (পিপিএম)। শুক্রবার রাত ১০টায় গোপন তথ্যের ভিত্তিতে এই আভিযান চালানো হয় বলে প্রেস বার্তায় জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলো মো. জয়নাল আবেদীন (৪০), মো. মাসুম বিল্লাহ (২৭), মো. রিয়াজ (২৮), মো. আহাম আলী (৪৫), মো. জমির আলী (৬৫), মো. মোশারফ হোসেন (৪০), মো. দিদারুল আলম (২৮), মো. রাশেদ (২৬)।
প্রেস বার্তায় র্যাব জানান, গাজীপুরের বাসন থানার টেলিপাড়া চৌরাস্তা এলাকার আলফা ড্রেসওয়্যার ফ্যাক্টরীর শিপমেন্টের জন্য পোশাকভর্তি কাভার্ডভ্যান চট্টগ্রাম বন্দরে যাওয়ার পথে কুমিল্লার চান্দিনার কাশিমপুর বাগুসি এলাকায় একটি সংঘবদ্ধ চোরচক্র চুরি করার উদ্দেশ্যে জনৈক আবুল কালাম শামীম এর বড় গোডাউনের ভিতরে কাভার্ডভ্যান ঢুকিয়ে সিলগালা অক্ষত রেখে বিশেষ কৌশলে দরজা খুলে কার্টুনগুলো নিচে নামিয়ে ধারালো ছুরি দিয়ে কেটে ফেলে।
এই চোরচক্র কাভার্ডভ্যানের চালক ও হেলপারের সহাযোগিতায় শিপমেন্টের জন্য প্রস্তুত করে রাখা কার্টুন খুলে প্রতিটি কার্টুন হতে ১০ থেকে ২০টি করে পোশাক চুরি করার সময় র্যাব-১১ সেখানে অভিযান চালায়। এ সময় র্যাব কোটি টাকার রপ্তানিজাত চোরাই পোশাকভর্তিসহ ১টি কভার্ডভ্যান এবং উল্লেখিতদের হাতে-নাতে গ্রেফতার করতে সক্ষম হয়।
তারা এখানে দীর্ঘদিন যাবত এই কৌশলে চুরি করছে ফলে গার্মেন্টস মালিকগণ আর্থিকভাবে ক্ষতিগ্র¯তসহ চাহিদা ও অর্ডার অনুযায়ী শিপমেন্ট দিতে না পারায় বিদেশী ক্রেতাদের নিকট দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে তারা সংঘবদ্ধ চোরাই চক্রের সক্রিয় সদস্য।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে উল্লেখ করে র্যাব জানায়, চোরাইচক্রের পলাতক আসামীদের আইনের আওতায় আনতে র্যাবের গোপন অনুসন্ধান ও কঠোর নজরদারী অব্যাহত থাকবে।


