বঙ্গবন্ধু সড়কে আগুন দিয়েছে হকাররা, বন্ধ ছিল যানবাহন চলাচল (ভিডিও)
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০৭ মার্চ ২০২১, ০৯:৪৪ পিএম
বঙ্গবন্ধু সড়কে দোকান বসানোকে কেন্দ্র করে পুলিশের মারধরের শিকার হয়ে হকাররা রাস্তায় আগুন দিয়েছে । রোববার (৭ মার্চ) সন্ধ্যার দিকে বঙ্গবন্ধু সড়কের সাধু পৌলের গীর্জার সামনে এ ঘটনা ঘটে। এতে প্রায় আধাঘন্টা সড়কটিতে যান চলাচল বন্ধ ছিলো। এদিকে, এই ঘটনার পর থেকে সারা শহরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে রাস্তায় দোকান বসানোকে কেন্দ্র করে চাষাঢ়া নূর মসজিদের সামনে ৩ থেকে ৪জন হকারকে পুলিশ মারধর করলে, উত্তেজিত সেই হকাররা রাস্তায় আগুন দিয়ে দ্রুত সেখান থেকে সট্কে পড়ে। এরপর পুলিশ নিজেই পানি ঢেলে সেই আগুন নিয়ন্ত্রণে আনে।
এবিষয়ে জানতে চাইলে সদর থানার ওসির নেতৃত্বে পুলিশ হকারদের মারধর করেছে দাবি করে হকার নেতা আসাদুজ্জামান আসাদ বলেন, আমি চাষাঢ়া নূর মসজিদে মাগরেবের নামাজ পড়ে বেরিয়ে এসে জানতে পারি সদর থানার ওসির নেতৃত্বে আমাদের বেশ কয়েকজন হাকারকে পুলিশ পিটিয়ে আহত করেছে। তাই আমি ওদের দেখতে সেখানে গিয়েছিলাম। কিন্তু সেখানে যাওয়ার পর শুনি রাস্তায় কে বা কারা জানি আগুন জ্বালিয়েছে! এটা হকাররা দিয়েছে নাকি পুলিশ দিয়েছে সেটাও আমি বলতে পারিনা। কিন্তু যদি কোনো হকার রাস্তায় আগুন দিয়ে থাকে তাহলে অব্যশই তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
আর অন্যদিকে হকাদের মারধরের বিষয়টিকে মিথ্যা দাবি করে নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্জামান বলেন, আমরা সন্ধ্যার দিকে চাষাঢ়ার বঙ্গবন্ধু সড়কের কিছু হাকারকে দোকান বসাতে বাধা দিলে, তাঁরা পুনরায় এসে আবার দোকান বাসায়! কিন্তু তখনও আমরা ওদের সেখান থেকে সরিয়ে দিয়েছি। আর এর কিছুক্ষণ পরেই তাঁরা রাস্তায় আগুন দিয়ে, যান চলাচল বন্ধ করে দেয়। সেই আগুন আমরাই নিয়ন্ত্রণে এনেছি। কিন্তু আমরা ওদের মারধর করি নাই। এটা মিথ্যা কথা। তিনি আরো বলেন, রাস্তায় আগুন দেওয়ার ঘটনায় উর্ধ্বতন কর্মকর্তা আমাদের যা বলবে সেই অনুযায়ি আমরা পদক্ষেপ গ্রহন করবে।


