Logo
Logo
×

নগর জুড়ে

বঙ্গবন্ধু সড়কে হকারদের তাণ্ডব : ২৫০ জনের বিরুদ্ধে পুলিশের মামলা

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১০ মার্চ ২০২১, ০৫:১৮ পিএম

বঙ্গবন্ধু সড়কে হকারদের তাণ্ডব : ২৫০ জনের বিরুদ্ধে পুলিশের মামলা
Swapno

বঙ্গবন্ধু সড়কে ফুটপাতে বসার দাবি নিয়ে সড়কে হকারদের আগুন সন্ত্রাস ও তাণ্ডবের ঘটনায় ৩০ জনের নামোল্লেখসহ ২৫০ জনকে আসামি করে মামলা দায়ের করেছে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ। ঘটনার দিন (৯ মার্চ) আটক  হকার নেতা আসাদুল ইসলাম, কালু গাজী ও মানিক দেওয়ানকে মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। সরকারি কাজে বাধা, পুলিশের উপর হামলা, হত্যার উদ্দেশ্যে আঘাত, সড়ক অবরোধ করে যানজট সৃষ্টি সহ নানা অভিযোগে বুধবার (১০ মার্চ) সকালে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুজ্জামান বাদী হয়ে এই মামলা দায়ের করেন। গ্রেফতার তিনজনের কাছ থেকে ৫টি বাঁশের লাঠি, ২১টি ইটের টুকরো, ১১টি কাঠের ডাসা,  ২টি লোহার রড উদ্ধার করা হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ সার্কেল) মেহেদী ইমরান সিদ্দিকী। মামলার বরাত দিয়ে তিনি জানান, মঙ্গলবারের ঘটনায় বাদী এসআই নুরুজ্জামানসহ ওসি শাহ জামান, এসআই মো. রুবেল, এএসআই শিশির আহম্মেদ হামলাকারীদের আঘাতে জখমপ্রাপ্ত হয়েছেন। 

 

প্রসঙ্গত, মঙ্গলবার (৯ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ শহরে বঙ্গবন্ধু সড়কের ফুটপাতে বসার দাবিতে বঙ্গবন্ধু সড়ক, লিংক রোডে দফায় দফায় আগুন দেয় হকাররা। পুলিশ বাধা দিয়ে এতে ক্ষিপ্ত হয়ে পুলিশের উপর হকাররা ইট-পাটকেল ছুড়ে চড়াও হলে সাংবাদিক, পুলিশ, হকারসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলেও সড়কে কিছুক্ষণ পরপর আগুন ধরিয়ে দেয় হকাররা। মঙ্গলবার বিকেল থেকে রাত অবধি থেমে থেমে সড়কে আগুন দেয় হকাররা। এসময় তারা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে।  পরে পুলিশ ঘটনাস্থলে এসে নিয়ন্ত্রণে আনে। 

 

তবে সেদিন হকাররা ছিল সবচাইতে বেপরোয়া। মঙ্গলবার বিকেল থেকে দফায় দফায় হকাররা সড়কে আগুন দেয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো শহরে। পুলিশের সাথে কথা বলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না এসে বেপরোয়া হয়ে উঠে হকাররা। তারা বঙ্গবন্ধু সড়কের নানা জায়গায় আগুন দেয়, এবং রাস্তায় ইটপাটকেল বিছিয়ে রাখে। শহরের চাষাঢ়া, সাধু পৌলে গির্জা, গ্রীন্ডলেজ ব্যাংক মোড়, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের চানমারীতে বিচ্ছিন্নভাবে সড়কে আগুন দেয় হকাররা। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলেও রাত ৮টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

 

মঙ্গলবার রাতেই জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ অঞ্চল) মেহেদী ইমরান সিদ্দিকী জানান, ‘হকাররা শহরের বিভিন্ন জায়গায় রাস্তায় আগুন দিয়েছে, ইট-পাটকেল বিছিয়ে রাস্তায় যানচলাচল ব্যাহত করেছে। জেলা পুলিশ তাৎক্ষণিকভাবে সেখানে হস্তক্ষেপ করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, যান চলাচলও শুরু হয়েছে। যারা এধরণের কর্মকা- করেছে তাদের প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসা হবে। এভাবে রাস্তায় কারা অরাজকতা তৈরি করেছে আমরা সেটি খুঁটিয়ে দেখছি। যারা আহত হয়েছে তারা প্রাথমিক চিকিৎসা নিচ্ছে। শীঘ্রই এঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’ 

 

প্রসঙ্গত, গত দুই বছর ধরেই বঙ্গবন্ধু সড়কের ফুটপাতে বসতে মরিয়া হকাররা। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পক্ষ থেকে ৬৭২ জনের তালিকা তৈরি করে হকার্স মার্কেট করে দিলেও সেখানকার বেশিরভাগ দোকান বিক্রি করে দেন হকার নেতারা। বঙ্গবন্ধু সড়কের ফুটপাতে বসতে দেয়া হবেনা সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ও পুলিশ প্রশাসন বারবার শক্ত অবস্থান ব্যক্ত করেছেন। ২০১৮ সালের ১৬ জানুয়ারি বঙ্গবন্ধু সড়কের ফুটপাতে হকার বসাকে কেন্দ্র করে মেয়র আইভীসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন