ফ্ল্যাটে দ্বগ্ধ কিশোর সাব্বিরের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৪
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৩ মার্চ ২০২১, ১২:৩৬ পিএম
নারায়ণগঞ্জ পশ্চিম মাসদাইরে একটি ফ্ল্যাটে সিলিন্ডার লিকেজ থেকে পুঞ্জিভূত গ্যাসে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ মো. সাব্বির (১৫) নামে আরো একজনের মৃত্যু হয়েছে। তার শরীরের প্রায় ৪২ শতাংশ দগ্ধ ছিলো।
শনিবার (১৩ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মো. সাব্বির নারায়ণগঞ্জ সদর উপজেলার পূর্ব ইসদাইর এলাকার মো. শামিমের ছেলে।
এ নিয়ে এ ঘটনায় একই পরিবারের মৃত্যুর সংখ্যা দাঁড়াল চারজনে। চিকিৎসাধীন রয়েছেন আরও দুইজন।
সাব্বিরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে খালু মো. শহীদ জানান, সাব্বিরের শরীরের প্রায় ৪২ শতাংশ দগ্ধ ছিলো। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইইউতে চিকিৎসাধীন ছিলো। ভোর সাড়ে ৫টার দিকে মারা যায় । লাশ নিয়ে আসার জন্য আমরা হাসপাতালে যাচ্ছি ।
এরআগে গতকাল শুক্রবার সাড়ে ৯ টায় একই ঘটনায় দগ্ধ শিশু মিনহাজ (১৮ মাস) চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুর একটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ১২ বছরের শিশু মাহফুজ।এর আগে মঙ্গলবার (৯ মার্চ) রাত ২টার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাষ্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় গৃহকর্তা মিশাল (২৭) মারা যান। চিকিসাধীন রয়েছেন মিশালের স্ত্রী মিতা বেগম (২৩), তাদের মেয়ে আফসানা আক্তার (৪)।
উল্লেখ্য, সােমবার (৮ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জের পশ্চিম মাসদাইর এলাকার হাজী ভিলার ছয়তলা বাড়ির ষষ্ঠতলার ফ্ল্যাটে গ্যাসের লিকেজ থেকে আগুন লেগে শিশুসহ একই পরিবারের ছয়জন দগ্ধ হন। দগ্ধদের গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। গত এক মাস আগে পরিবারটি ষষ্ঠতলায় তিন রুমের একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে এই বাড়িতে বসবাস করে আসছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্বজনরা জানান, গ্যাসের চুলার লিকেজ থেকে গ্যাস নির্গত হয়ে ওই ফ্ল্যটের বিভিন্ন রুমে তা জমাট বেঁধে থাকে। রাতে খাওয়ার পর পরিবারের কেউ সিগারেট অথবা মশার কয়েল জ্বালানাের উদ্দেশ্যে আগুন জ্বালালে মুহুর্ত্বের মধ্যে ঘরে ধরে যায় এবং অন্যান্য রুমে ছড়িয়ে পড়ে। এতে একই পরিবারের ৬ জন দ্বগ্ধ হন।


