নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ নৌ-যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ই মার্চ) সকালে বাংলাদেশ নৌ-যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি সরদার আলমগীর মাষ্টারের সভাপতিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভাপতি তার বক্তব্যে বলেন, ২০১০ সালে নদী পথের সাথীদের দুঃখ ও দুর্দশা দূর করার জন্যে সৃষ্টি হয়েছিলো নৌ-যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন। সৃষ্টি থেকে এই সংগঠনটি শ্রমিকদের দাবী আদায়ের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। নৌ-যান শ্রমিকদের কাজে কোনো সময় বাধা নেই। ঝড় ঝাপটা উপেক্ষা করে দিন রাত তাদের কাজ করে যেতে হয়। তার উপর নৌ সন্ত্রাসীদের হামলা তো রয়েছেই।
তিনি বলেন, এতকিছুর পরও অত্যন্ত নিম্নমানের বেতন বা মজুরি পেতো তারা। যখনি মজুরি বৃদ্ধির কথা উঠতো তখনি মালিকপক্ষের তালবাহানা শুরু হয়ে যেতো কিন্তু আমাদের আন্দোলনের পরিপেক্ষীতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজ আমাদের জন্যে কাজ করে যাচ্ছেন। তবে এখনো যেসব সমস্যা রয়েছে সেগুলো সমাধানের লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো।
বক্তব্য শেষে সংগঠনের নেতৃবৃন্দ বর্ণাঢ্য র্যালী নিয়ে প্রেসক্লাব থেকে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ৫নং সার ঘাট এলাকার নৌ-যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন কার্যালয়ে এসে শেষ করে।
এসময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ নৌ-যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সবুজ শিকদার, যুগ্ন সম্পাদক আক্তার হোসেন, জেলা শাখার সভাপতি নিজামউদ্দিন প্রধান ও জেলা মুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি জুয়েল প্রধান প্রমুখ।


