৭ দিনেও অপসারণ হয়নি ড্রেন থেকে তোলা বর্জ্য
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৫ মার্চ ২০২১, ০৯:১৬ পিএম
ড্রেন থেকে তোলা কাদা-মাটি মিশ্রিত বর্জ্য ফুটপাতের উপর স্তুপ করে রাখার পর তা দ্রুত অপসারণ না করায় চলাচলে ভোগান্তি পোহাচ্ছেন বঙ্গবন্ধু সড়কের ফুটপাত দিয়ে চলাচলরত অসংখ্য পথচারী।
সোমবার (১৫ মার্চ) বঙ্গবন্ধু সড়কের বেশ কয়েকটি স্থানের ফুটপাতের উপর স্তুপ করে রেখে দেওয়া এসব বর্জ্যের ছবি ও পথচারীদের ভোগান্তির কথা লিখে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পোস্টও দিয়েছেন অনেকে। শিপন ভূইয়ান নামে একজন লিখেছেন, ‘ড্রেন থেকে বর্জ্য তোলার পর ৭ দিন হয়ে গেলেও সেটা পরিস্কার করার খবর নেই কর্তৃপক্ষের। আমাদের চলাচলে খুবই সমস্যা হচ্ছে।’
সরেজমিনে গিয়ে দেখা গেছে, বঙ্গবন্ধু সড়কের নিতাইগঞ্জ থেকে চাষাঢ়া এবং চাষাঢ়া থেকে পূর্বদিকে খানপুর পর্যন্ত রাস্তার দু-পাশের ড্রেন থেকে তোলা বর্জ্য রেখে দেওয়া হয়েছে ফুটপাতের উপর। যাতে এক প্রকার চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে ফুটপাত। কিন্তু নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে এসব বর্জ্য অপসারণ করতে আরো দুই থেকে তিনদিন সময় লাগতে পারে।
এদিকে ভোগান্তির কথা উল্লেখ করে শহরের উকিলপাড়া এলাকায় আব্দুল আজিজ নামে এক ব্যক্তি বলেন, আজকে অনেকদিন ধরেই এখানকার ফুটপাতের উপর ময়লা জমে আছে। এতে আমাদের চলাচলে অনেক সমস্যা তৈরী হচ্ছে। বিশেষ করে বয়স্ক এবং শিশুদের ভোগান্তিটাই বেশি। কেউ কেউ তো ময়লার মধ্যে পা দিয়েই ফেলে, তখন তাঁদের সেটা পরিষ্কার করার জন্য বাড়ি যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। তাই তিনি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আপনারা দ্রুতই এগুলো এখান থেকে নিয়ে যান।
শুধু বঙ্গবন্ধু সড়কই নয়, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের ড্রেনগুলো থেকে তোলা বর্জ্যও এখনো ঠিকমতো অপসারণ হয়নি বলে জানা গেছে। তাই ড্রেনের উপর কিংবা রাস্তার পাশে পরে থাকা এসব বর্জ্যরে জন্য স্থানীয় লোকজনকেও চলাফেরা করতে ভোগান্তি পোহাতে হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মকর্তা আলমগীর হিরণ মুঠোফোনে জানান, ‘আমরা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রতি তিনটি ওয়ার্ডের ড্রেন থেকে তোলা বর্জ্য অপসারণের জন্য একজন ঠিকাদারকে দ্বায়িত্ব দিয়েছি। তারা এসব বর্জ্য অপসারণের জন্য কাজ করে যাচ্ছে। লোকবলের কারনে হয়তো তাঁদের এই কাজটি করতে একটু সময় লাগছে। তাই এতে সাধারণ মানুষের চলাচলে একটু ভোগান্তিও হচ্ছে। কিন্তু আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই সকল বর্জ্য অপসারণ হয়ে যাবে’।


