ভবিষ্যত প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে গড়তে হবে : সেলিম ওসমান
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৭ মার্চ ২০২১, ১১:৫২ পিএম
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে আমাদের ভবিষ্যত প্রজন্মকে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ সেলিম ওসমান।
বুধবার (১৭ মার্চ) বিকেলে নগরীর ১নং খেয়াঘাট এলাকার জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে আয়োজিত কেক-কাটা ও আলোচনা সভায় উপস্থিত হয়ে সেলিম ওসমান এ মন্তব্য করেন।
সেলিম ওসমান বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে আমাদের ভবিষ্যত প্রজন্মকে গড়ে তুলতে হবে। এ প্রজন্ম গড়ে তোলার জন্য আমাদের কী কী করতে হবে সেটা স্কুল খুললে প্রতিটি স্তুলে গিয়ে আমরা বলবো’।
তিনি বলেন, ‘নারায়ণগঞ্জের মুক্তিযোদ্ধাদের নিয়ে আমরা কিন্তু গর্ব করতে পারি। কারণ, আমাদের মধ্যে কোন বিভেদ নেই। কোন সমস্যা নেই। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে একটাই, সেটি হচ্ছে করোনা ভাইরাস। এই করোনা ভাইরাস যদি না হতো তবে আমরা শিশু ও মুক্তিযোদ্ধারা মিলে বঙ্গবন্ধুর এই জন্মশত বাষির্কী আরো জমকালো ভাবে পালন করতাম’।
এ সময় নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোস্তাইন বিল্লার সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোহাম্মদ আলী, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক প্রমুখ।


