অচিরেই নাসিকে’র উদ্যোগে ডায়ালাসিসের ঘোষণা
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২০ মার্চ ২০২১, ০৯:৫৮ পিএম
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প কর্মসূচি শুরু করেছে।
শনিবার সকালে নগরীর পশ্চিম দেওভোগ এলাকায় নগর স্বাস্থ্য কেন্দ্র-৩ এ মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ওই কর্মসূচির উদ্বোধন করেন। পর্যায়ক্রমে এনসিসি’র অন্য আরো ৪টি স্বাস্থ্য কেন্দ্রে এই ক্যাম্প শুরু হবে বলে জানান মেয়র। এসময় মেয়র জানান, এনসিসি’র উদ্যোগে অচিরেই কিডনি ডায়ালাসিসের ব্যবস্থা করা হবে। যাতে রোগিরা কম টাকায় ডায়ালাসিসের সূযোগ পায়।
তিনি বলেন, ‘করোনার একটি বছর মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে নেতৃত্ব দিয়েছেন সেটার প্রশংসা করতে হয়। দিশেহারা বাংলাদেশের মানুষকে তিনি সটিক পথ দেখিয়েছেন। কোভিডের সংখ্যা দিন দিন যেখানে বেড়ে চলছিল সেই সময় তিনি যে নির্দেশনাগুলো দিয়েছেন সেগুলো আমার মেনে চলে সঠিক পথেই ছিলাম। পুনরায় আবারও কোভিডের সংক্রম শুরু হয়েছে, সুতরাং আমরা সবাই নিয়মকানুনটা জানি তাই আবারও স্বাস্থ্যবিধিটা মেনে চলবো।
মেয়র আইভী বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন থেকে হয়তো আমরা অনেক বড় হাসপাতাল করতে পারবো না। কিন্ত আমরা চেষ্টা করছি কিভাবে সাধারণ মানুষের সাধারণ যে ছোট ছোট সমস্যাটা হয় সেই স্বাস্থ্যসেবাটা দেওয়ার জন্য।
এসময় সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা শেখ মোস্তফা আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. নিজাম আলী, নগর স্বাস্থ্য কেন্দ্র-৩ এর মেডিকেল অফিসার গোলাম মোস্তফা প্রমুখ


