সুনামগঞ্জে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে ২২ মার্চ মানববন্ধন
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২১ মার্চ ২০২১, ০৫:৩৮ পিএম
একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সুনামগঞ্জের শাল্লায় বর্বরতম সাম্প্রদায়িক হামলার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে ২২ মার্চ সোমবার সকাল সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হবে।
রোববার (২১ মার্চ) সংবাদ মাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শাহিন মাহমুদ।
প্রেস বার্তায় জানানো হয়, একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সুনামগঞ্জের শাল্লায় বৃহস্পতিবার ৮৩টি বাড়ি ও তিনটি মন্দিরে এক বর্বরতম সাম্প্রদায়িক হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। ইতিপূর্বে বিভিন্ন জায়গায় বহুবার হিন্দু, বৌদ্ধ, আদিবাসীদের উপর হামলা করা হলেও এর কোন সুষ্ঠু বিচার করা হয় নাই। বরং হামলাকারীরা বিভিন্ন সময় প্রশাসনের নিষ্ক্রিয়তায় উৎসাহিত হয়েছে।
তিনি জানান, শাল্লাসহ সকল সাম্প্রদায়িত হামলার বিচারবিভাগীয় তদন্তকমিটি গঠন করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ২২ মার্চ সোমবার সকাল সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের মানববন্ধন অনুষ্ঠিত হবে।


