সেই ভয়াবহ চিত্র আর দেখতে চাই না: মেয়র আইভী
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২১ মার্চ ২০২১, ০৮:৪৩ পিএম
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ড. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আমরা করোনার সেই ভয়াবহ চিত্র আর দেখতে চাইনা, যেটা গত বছর শুরু হয়েছিলো। তখন সারা শহর নীরব ছিলো, কোথাও কেউ নেই। কয়েকটি পুলিশ ভ্যান শুধু শহর পাহারা দিয়েছে। প্রতিনিয়ত মৃত্যুর খবর পাওয়া গেছে। কিন্তু মানুষ মারা গেলেও লাশ দাফন করতে কেউ এগিয়ে আসতো না।
করোনাকালে আমরা প্রশাসনের সাথে মিলেমিশে কাজ করেছি। আমাদের কাছে যখন লাশ দাফনের ব্যাগ ছিলো না, তখন জেলা পুলিশ আমাকে ২‘শ ব্যাগ দিয়েছে। বিপদের মূহুর্তে এই রকম একসাথে কাজ করার ইতিহাস আমাদের বাংলাদেশে সব সময় আছে। যেমন ৭ই মার্চ বঙ্গবন্ধুর ডাকে বাংলাদেশের সব মানুষ সাড়া দিয়েছে এবং দেশকে স্বাধীন করেছে।
রোববার (২১ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় খাজা সুপার মার্কেটের সামনে নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্ক বিতরণ ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে মেয়র এসব কথা বলেন।
মেয়র আরো বলেন, বাংলাদেশ পুলিশ অনেক বেশি অভিজ্ঞ। আমি মনে করি, বাংলাদেশর চৌকস বাহিনীগুলোর মধ্যে একটি হচ্ছে পুলিশ। এমন কোনো কাজ নেই, যেটা পুলিশ করতে পারে না। আমরা চাই মানুষ যাতে পুলিশকে ভয় না পেয়ে বিপদে আশ্রয়ের জন্য তাদের কাছে এসে সহযোগিতা নেয়। আমার পুলিশ প্রশাসন এবং সিভিল সার্জনের কাছে শুধু এতটুকুই বার্তা যে, আমরা নারায়ণগঞ্জ সিটি করপোরেশন সব সময় আপনাদের পাশে আছি।
আমার মনে হয় না, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাছ থেকে কেউ সাহায্য চেয়ে, ‘না’ শব্দটি শুনেছে। রাজনীতির জায়গায় রাজনীতি, কিন্তু আমরা জনগণের সার্ভেয়ার। করোনাকালে নারায়ণগঞ্জ হটস্পট ছিলো, এখন আবার আমরা সেই দিকে যাচ্ছি। আজকে প্রায় দশ দিনের উপরে, করোনা রোগী বাড়ছে। এই ভাইরাসটা ভয়াবহ, আমরা চাইনা এটার কেউ ভুক্তভুগী হোক। তাই আপনারা সকলেই মাস্ক পরিধান করুন।
এ সময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, সিভিল সার্জন ইমতিয়াজ আহম্মেদ, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি খন্দকার শাহ্ আলম, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালামসহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাগণ।


