শহরে জেলা পুলিশের মাস্ক বিতরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২১ মার্চ ২০২১, ০৮:৪৮ পিএম
করোনা মুক্ত বাংলাদেশ গড়তে ও গণসচেতনতা তৈরীর লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে নগরীর চাষাঢ়ায় মাস্ক বিতরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ মার্চ) বিকেল ৩ টায় চাষাঢ়ার খাজা সুপার মার্কেটের সামনে আয়োজিত এই ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।
এছাড়া আরো উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, সিভিল সার্জন ইমতিয়াজ আহম্মেদ, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ্ আলম, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালামসহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাগণ।
এ সময় সবাইকে মাস্ক পরিধানের আহবান জানিয়ে মেয়র আইভী বলেন, গত বছর করোনা পরিস্থিতিতে নারায়ণগঞ্জ হটস্পট ছিলো, এখনও আমরা সেই দিকে আছি। করোনাকালের সেই ভয়াবহ চিত্রটা আমরা আর দেখতে চাইনা। আমরা নারায়ণগঞ্জ সিটি করপোরেশন সব সময় আপনাদের পাশে আছি। রাজনীতির জায়গায় রাজনীতি, কিন্তু আমরা জনগণের সার্ভেয়ার।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জায়েদুল আলম বলেন, আমরা নারায়ণগঞ্জে করোনা ভাইরাস শুরু হওয়ার পর থেকেই প্রধানমন্ত্রীর নির্দেশনায় সবাইকে নিয়ে এই ভাইরাস রোধে কাজ করে যাচ্ছি। আজকে আমাদের এই মাস্ক বিতরণ কার্যক্রমে মেয়রের উপস্থিতি এই কাজকে আরো বেগবান করে তুলবে, এতে নগরবাসী আরো বেশি সচেতন হবে। পাশাপাশি আমিও সবাইকে করোনা প্রতিরোধে মাস্ক পরিধান করার জন্য বিনীত আহবান জানাচ্ছি। দয়া করে সাবাই মাস্ক পরে বাহিরে বের হবেন।
সিভিল সার্জন বলেন, আমাদের নারায়ণগঞ্জে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবকে প্রতিরোধ করতে হবে। আর এর জন্য আমাদের সবাইকে সচেতনতার পাশাপাশি মাস্ক পরতে হবে।


