মোদী ঠেকাও কর্মসূচী না‘গঞ্জ থেকে আসতে পারে: ফেরদাউস (ভিডিও)
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৪ মার্চ ২০২১, ০৯:১৪ পিএম
নারায়ণগঞ্জ মহানগর হেফাজতে ইসলামের সভাপতি ফেরদাউসুর রহমান বলেছেন, বাংলাদেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছে, আসেন সমস্যা নেই। কিন্তু বাংলাদেশের জাতীয় ইস্যু নিয়ে আপনারা গোলটেবিলে বসবেন, এটা কখনোই হতে পারে না। এর জন্য মুসলমানদের মধ্যে আগুন জ্বলছে। তাই নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বলতে চাই, আমরা (হেফাজত) যদি বিমানবন্দর ঘেরাও করি তাহলে পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে বাংলাদেশে আসতে পারবে। বাংলাদেশে কি হবে জানি না কেন্দ্রীয় কর্মসূচী নারায়ণগঞ্জ থেকেই আসতে পারে।
বুধবার (২৪ মার্চ) বিকেলে শহরের ডিআইটি জামে মসজিদের সামনে ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আসতে না দেওয়ার দাবিতে আয়োজিত নারায়ণগঞ্জ হেফাজত ইসলামের এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, কোরআন শরীফের ছাব্বিশটি আয়াত পরিবর্তনের জন্য ভারতের হাইকোর্টে রিট হয়েছে। আমরা বলতে চাই কোরানের ছাব্বিশটি আয়াত কেন, একটি নকতাও পরিবর্তন করা যাবে না। সুনামগঞ্জের শাল্লায় যুবলীগের কর্মীরা হিন্দুদের বাড়িতে হামলা করেছে। এটা পত্রিকার রিপোর্ট। মূলত পরিবেশ ঘোলা করার জন্য একটি নাটক সাজাচ্ছে, এগুলো মুসলমানরা বোঝে।
এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা হেফাজত ইসলামের সভাপতি মাওলানা আব্দুল আউয়াল, সহসভাপতি আবু তাহের জিহাদী, সাধারণ সম্পাদক জাকির হোসেন কাশেমী ও ইসলামিক বক্তা রফিকুল ইসলাম প্রমুখ।


