Logo
Logo
×

নগর জুড়ে

শহরে হেফাজতের ঢিলেঢালা হরতাল

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৮ মার্চ ২০২১, ০৭:৪৪ পিএম

শহরে হেফাজতের ঢিলেঢালা হরতাল
Swapno

মোদীর বিরোধী আন্দোলনে, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হামলা ও হত্যার প্রতিবাদে, হেফাজতে ইসলাম বাংলাদেশ এর ডাকে আজ সকাল-সন্ধ্যা হরতাল পালন করতে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হেফাজতে ইসলামের নেতাকর্মীরাও মাঠে নামলেও আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানে শহরে তারা হরতাল পালন করতে ব্যর্থ হয়েছে। 

 

রোববার (২৮ মার্চ) সকাল থেকেই নারায়ণগঞ্জ জেলা হেফাজতে ইসলামের মূল ঘাটি হিসেবে পরিচিত শহরের ডিআইটি জামে মসজিদের ভিতরে হরতালের উদ্দেশ্যে কয়েক‘শ হেফাজত কর্মী জড়ো হয়। তবে আইনশৃঙ্খলা বাহিনীর শক্ত অবস্থানের জন্য তারা সেখান থেকে রাস্তায় বের হতে পারেনি।

 

এ সময় উত্তেজিত হেফাজতের নেতাকর্মীদের মসজিদের ভিতরেই সরকার বিরোধী নানা স্লোগান দিতে দেখা যায়। তাদের মাঝে নারায়ণগঞ্জ জেলা হেফাজতে ইসলামের সভাপতি এবং আমীর মাওলানা আব্দুল আউয়ালও উপস্থিত ছিলেন।

সকাল ১০টায় হেফাজতে ইসলামের কর্মীরা শহরের গুলশান সিনেমা হলের সামনে থেকে ছোট একটি মিছিল নিয়ে নগরীর চাষাঢ়ার অভিমুখে যাত্রা শুরু করলে দুই নং রেল গেটের সামনেই পুলিশের বাধায় তাদের প্রথম মিছিলটি পণ্ড হয়ে যায়।

 

হেফাজতের হরতাল ঠেকাতে নগরীর বঙ্গবন্ধু সড়কে যুবলীগের কর্মীদের শোডাউন করতে দেখা গেছে। তারা হেফাজতের এই হরতালের বিরোধীতা করে নগরীর বঙ্গবন্ধু সড়কে সকাল ১০ টায় শহর যুবলীগের নেতা শাহাদৎ হোসেন সাজনু ও জাকিরুল আলম হেলালের নেতৃত্বে শহরময় এই শোডাউন করেন।

 

অন্যদিকে, হেফাজতের এই কর্মসূচীকে কেন্দ্র করে ভোর থেকেই পুরো শহরে ৫৮৫ জন পুলিশ ও সাদা পোশাকে ২০০ জন কর্মী মোতায়েন করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। এর পাশাপাশি বিপুল পরিমাণ সাঁজোয়া যান নিয়ে র‌্যাব ও বিজিবিকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে টহল দিতে দেখা যায়।

 

হেফাজতের ডাকা এই হরতালে শহরে কোনো রকমের অনাকাঙ্খিত ঘটনার খবর পাওয়া যায়নি। সকালে বেশ কিছু মার্কেটের দোকানপাট বন্ধ থাকার সঙ্গে সঙ্গে সড়কে যানবাহন চলাচল সীমিত থাকলেও দুপুরের পর ধীরে ধীরে তা স্বাভাবিক হয়ে যায়।

 

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, এ পর্যন্ত কিছু জায়গা বাদে নারায়ণগঞ্জ শহরে হেফাজতের ডাকা হরতালে কোনো অনাকাঙ্খিত ঘটনা ঘটেনি। জেলা হেফাজতের আমীর আমাদের বলেছেন, তারা কোনো রকমের অপ্রীতিকর পরিস্থিতি এখানে তৈরী করবে না। আমরাও সব ধরণের পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত আছি।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন