ইয়ার্ন মার্চেন্ট এসোসিয়েশন থেকে ২২ জুয়াড়ি গ্রেফতার
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২১, ০৬:০৫ পিএম
সুতা ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ কেমিক্যাল এন্ড পারফিউমারী মার্চেন্ট এসোসিয়েশনের অফিস থেকে ২২ জুয়াড়িকে আটক করেছে র্যাব-১০। শনিবার (১৭ এপ্রিল) রাত পৌনে দশটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ এর একটি অভিযান দল নারায়ণগঞ্জ শহরের টানবাজার গুদারাঘাট সংলগ্ন ইয়ার্ন মার্চেন্ট এসোসিয়েশনের অফিসের চারতলা তেকে জুয়া খেলা অবস্থায় তাদেরকে আটক করেন । এসময় জুয়া খেলার ব্যবহৃত কার্ড ও নগদ ২ লক্ষ ৩১ হাজার ২০০টাকা জব্দ করা হয়। ওই রাতেই র্যাব- ১০ এর হাবিলদার আলমগীর হোসেন বাদী হয়ে ১৮৬৭ সালের জুয়া আইনের ৩/৪ ধারায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেন। মামলা নং- ০৪ । রোববার দুপুরে আটক ২২ জুয়াড়িকে আদালতে পাঠানো হয়। এদিকে আটককৃত জুয়াড়িদের ছাড়াতে শনিবার রাত থেকে দুপুর পর্যন্ত সদর থানায় বিভিন্ন মহলের থেকে ফোন করে তদবির চালায় বলে জানা গেছে। তবে সকালে থেকেই থানায় জুয়াড়িদের পক্ষে বিভিন্ন ব্যক্তিরা থানায় আসে এবং ছাড়ানোর চেষ্টা করে কিন্তু তারা ব্যর্থ হয়ে ফিরে যায়।
গ্রেফতার জুয়াড়িরা হলেন- সর্বজিৎ সাহা (৪৩), মো. আলমগীর (৫৬), কৃষ্ণ রায় (৪২), লিটন কুমার রায় (৪৬), মো. কমল ওরফে বাবু (৩২), মো.এনামুল (৩২), মো. হাসান জামান (৪৭), মো. নজরুল (৪৫), রিপন কুমার সাহা (৪৫), লক্ষণ সাহা (৩০), হাফিজুর রহমান (৩৮), মো.সোলাইমান (৩৪), তাপস কুমার শীল ( ৪৭), মো. শুক্কুর মিয়া (৪৯) শ্যামল বৈদ্য ( ৪২), আবু সাবেদ প্রিন্স ( ৩০), মো. জলিল খান (৫৭), মো.রুবেল (৩৪), মো. রুস্তম (৫৬), মো. মনির হোসেন (৪১) , জীবন কুমার সাহা (৪৪) ও রিপন সাহা (৪৭)।
এবিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মোহাম্মদ শাহ্ জামান বলেন, ইয়ার্ন মার্চেন্ট এসোসিয়েশনের জুয়া খেলা হয় বিষয়টি আমাদের জানা ছিল না। আমরা এই বিষয়টি খতিয়ে দেখবো। তিনি আরও বলেন, শনিবার মধ্যরাতে র্যাব - ১০ এর একটি অভিযান দল গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করে আমাদের থানায় হস্তান্তর করেন । গ্রেফতারদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আদালত পাঠানো হয়েছে।


