তল্লায় গ্যাস বিস্ফোরণের ঘটনায় তিতাসের তদন্ত কমিটি গঠন
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২১, ০৮:০১ পিএম
ফতুল্লার তল্লা এলাকায় আবাসিক ভবনে গ্যাসের পাইপ লাইন বিস্ফোরণে ১১ জন দগ্ধ হওয়ার ঘটনার কারণ উদঘাটন করতে তিতাসের পরিচালক (অপারেশন) কে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৩ কার্য্য দিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেয়া হয়েছে।
শনিবার (২৪ এপ্রিল) বিকেলে এই তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে তিতাসের ডেপুটি জেনারেল ম্যানেজার (প্রশাসন) আবদূর রহিম বলেন, কি কারণে এই বিস্ফোরণ এবং অগ্নিকান্ড ঘটেছে তার প্রকৃত কারণ উদঘাটন করতে এই তদন্ত কমিটিকে বিশেষভাবে নির্দেশ দেয়া হয়েছে।
পাশাপাশি এই দূর্ঘটনায় তিতাসের কারো কোন ধরণের গাফিলতি আছে কিনা সে বিষয়টিও নিশ্চিত করতে তদন্ত কমিটিকে বলা হয়েছে। কারণ তিতাস কর্তৃপক্ষ দূর্ঘটনার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে এবং পর্যবেক্ষণ করছে। তদন্ত কমিটির প্রতিবেদনের উপর ভিত্তি করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, শুক্রবার ভোরে সদর উপজেলার ফতুল্লা থানার তল্লা এলাকায় মডেল গার্মেন্টস এর দক্ষিণ পাশে স্থানীয় মফিজুল ইসলামের তিন তলা বাড়ির তৃতীয় তলায় ভাড়াটের ফ্ল্যাটে এই দূর্ঘটনা ঘটে। এসময় কয়েকজন নারী ও এক শিশুসহ মোট এগারোজন দগ্ধ হন। তাদের মধ্যে পাঁচজনকে ঢাকা মেডিকেলের শেখ হাসিনা বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় শুক্রবার দুপুরে জেলা প্রশাসন থেকে ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে সাতদিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন জেলা প্রশাসক মোঃ মোস্তাইন বিল্লাহ। একই সাথে ভবনটি সীলগালা করে দগ্ধ এগারোজনের প্রত্যেককে দশ হাজার টাকা করে মোট এক লাখ দশ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদানেরও ঘোষণা দেন তিনি।


