ফুটপাতে হকার, মার্কেটেও উপচেপড়া ভীড় নেই স্বাস্থ্যবিধির বালাই
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০৭ মে ২০২১, ১০:২৬ পিএম
শুক্রবার বিকেল ৪ টা। নগরীর চাষাঢ়া থেকে দক্ষিণে দুইনং রেলগেটের দিকে চলে যাওয়া বঙ্গবন্ধু সড়কের ফুটপাতের অবস্থা বেগতিক। দেখে মনে হলো এটা কোনো সাধারণ মানুষের চলাচলের পথ নয়, বরং এক জনসভার সরু ময়দান। মানুষ আর মানুষ। মূলত ঈদকে সামনে রেখে নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন সড়ক ও ফুটপাতে বেচাকেনা জমে ওঠায় এখানে হকার আর ক্রেতাদের উপচে পড়া ভীড়।
তবে সমস্যা হচ্ছে, করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মানতে সকলের প্রতি সরকারের কঠোর নির্দেশনা থাকলেও এখানে সেটা মানা হচ্ছেনা। অধিকাংশ মানুষের মুখেই নেই মাস্ক এবং সামাজিক দূরত্বের ক্ষেত্রেও এরা অনেকটাই উদাসীন।
এ সময় বঙ্গবন্ধু সড়কে মারিয়াম নামে এক পথচারী বলেন, ফুটপাত দিয়ে চলাচল করা অসম্ভব হয়ে পড়েছে, হকাররা পুরোটাই দখল করে আছে। তারমধ্যে ঈদের কেনাকাটা করতে আসা সাধারণ মানুষও দেখছি অনেকটা বেপরোয়া হয়ে যাচ্ছে। কেউই স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মানছে না, সবাই শুধু কেনাকাটায় ব্যস্ত। এতে করোনা অনেকাংশেই বৃদ্ধি পাবে। তাই প্রশাসনের উচিৎ দ্রুতই এ বিষয়ে কঠোর অবস্থানে আসা।
এছাড়া কয়েকজন পুলিশ সদস্যের সাথে কথা হলে তাঁরা জানান, সকাল থেকে বিকেল পর্যন্ত এ সড়কে কিছু সংখ্যক হকারের উপস্থিতি দেখা গেলেও বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই হকারদের ভীড়ে কানায় কানায় পূর্ণ হয়ে যায় রাস্তার দু’পাশ। আর ঈদকে কেন্দ্র করে অনেক মৌসুমী হকাররাও ভীড় করছে এখানে। এতে আমরা একটু পর পর এদের ফুটপাত থেকে উচ্ছেদ করলেও একটু পরেই আবার এরা মালামাল নিয়ে রাস্তার পাশে বসে যায়। এদিকে শুধু বঙ্গবন্ধু সড়কই নয় নগরীর শহীদ সোহরাওয়ার্দী সড়ক, শায়েস্তা খান রোড ও প্রেসিডেন্ট রোডসহ নগরীর বেশ কয়েকটি রাস্তাতেই দেখা গেছে হকারসহ বিভিন্ন ক্রেতা বিক্রেতাদের উপচে-পড়া ভীড়। পাশাপাশি অবৈধ পার্কিং এর জন্যে যানজট তো লেগেই আছে।
নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জাহিদ আলম দিপু এ বিষয়ে যুগের চিন্তাকে বলেন, হকার সমস্যা আমাদের এই শহরের অনেক পুরনো একটি সমস্যা। এই হাকারদের অনেক বার অনেক জায়গাতের দোকান করে দেয়া হয়েছিলো কিন্তু দেখা যায় দিনশেষে এরা ফুটপাতে বসতেই পছন্দ করে। তাই স্বাভাবিক ভাবেই নগরবাসী ফুটপাত দিয়ে চলাচলের সময় ভোগান্তি পোহায়। আমি মনে করি আমাদের প্রশাসনের এই হকারদের বিষয়ে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে এবং ডিসি, এসপি আর মেয়রসহ বিভিন্ন রাজনৈতিক নেতাদের সম্মিলিত ভাবে এই বিষয়ে একটি সিদ্ধান্ত গ্রহন করতে হবে।
নারায়ণগঞ্জ সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজ্জামান বলেন, ফুটপাতে শৃঙ্খলা ফেরাতে আমাদের জেলার পুলিশ সুপার স্যারের আদেশে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। এই চেষ্টা অব্যাহত থাকবে।


