নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সদস্য, দৈনিক খবরের দীর্ঘদিনের জেলা প্রতিনিধি ফজলুর রহমানের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার বেলা সাড়ে এগারোটায় নগরীর মাসদাইর কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। এর আগে সকাল দশটায় নগরীর ডিআইটি মসজিদের সামনে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে শ্রদ্ধা নিবেদনের জন্য তার লাশ নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে আনা হয়। এখানে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সদস্যরা ফুল দিয়ে তার প্রতি শ্রদ্ধা জানান।
এসময় বক্তব্যে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ্ আলম বলেন, ফজলুর রহমান বহুবছর সাংবাদিকতা করেছেন। নারায়ণগঞ্জ প্রেসক্লাবের বহুতল ভবন নির্মাণে তার অবদান আমরা শ্রদ্ধাভরে স্মরন করি।
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আরিফ আলম দীপু ও রুমন রেজা বলেন, ফজলুর রহমান অসংকোচে সত্য কথা বলতেন। এটি ছিলো তার চরিত্রের গুরুত্বপূর্ন দিক।
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক শরীফ উদ্দিন সবুজ বলেন, তিনি যে বাড়িতে থাকেন এ বাড়ি নিয়ে তার ভাইয়ের স্ত্রী তাকে বেশ হয়রানী করেছেন আজীবন। এখন তার মৃত্যুর পর তার পরিবারের পাশে সাংবাদিকদের দাড়িয়ে এ সমস্যা সমাধান করতে হবে।
এসময় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের কার্যকরী সদস্য আহসান সাদিক শাওন, আনিসুর রহমান জুয়েল, সিনিয়র সদস্য ইউসুফ আলী এটম, সাইদুর রহমান সূর্য্য, এম এ খান মিঠু প্রমুখ উপস্থিত ছিলেন। #


