‘জীবিত অবস্থায় না হলেও আমার স্বামীর লাশটা ফেরত দেয়া হোক’
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২৭ মে ২০২১, ১০:১২ পিএম
গুম বন্ধ কর, গুমের শিকার ব্যক্তিদের ফিরিয়ে দাও এই শ্লোগানকে সামনে রেখে মানববন্ধন করেছে মায়ের ডাক হিউম্যান রাইটস নেটওয়ার্ক নারায়ণগঞ্জ ইউনিটি। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে গুম হওয়া স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’ ও অধিকার এর সঙ্গে সংশ্লিষ্ট হিউম্যান রাইটস ডিফেন্ডারস নেটওয়ার্ক যৌথভাবে গুমের শিকার আওয়ামীলীগ নেতা ইসমাইল হোসেনের স্বজনদের সঙ্গে নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে।
অধিকারের নারায়ণগঞ্জ ইউনিটির সমন্বয়ক সাংবাদিক বিল্লাল হোসেন রবিনের সভাপতিত্বে মানববন্ধনে লিখিত বক্তব্য পাঠ করেন, শিক্ষার্থী সোনিয়া। আরো বক্তব্য রাখেন সোনারগাঁয়ের কাঁচপুরের আওয়ামীলীগ নেতা ইসমাইল হোসেনের স্ত্রী জোসনা বেগম।
কান্না জড়িত কন্ঠে জোসনা বেগম বলেন, ২০১৪ সালের ৭ ফেব্রুয়ারি আমার স্বামীকে গুম করা হয়। ৭ বছর হয়ে গেছে আমি আমার স্বামীর সন্ধান পাই নাই। সরকারের কাছে আমার বিনীত অনুরোধ জীবিত অবস্থায় না হলেও আমার স্বামীর লাশটা যেন ফেরত দেয়া হোক। স্বামীর সন্ধান চেয়ে মামলা করেছি। কিন্তু স্বামীর সন্ধান না দিয়ে মামলাটি খারিজ করে দিয়েছে আদালত।
মানববন্ধন কর্মসূচি থেকে ইসমাইল হোসেনসহ গুমের শিকার ব্যক্তিদের তাদের স্বজনদের কাছে ফিরিয়ে দেয়ার দাবী জানানো হয় সরকারের কাছে। একই সঙ্গে এনকাউন্টার বা ক্রসফায়ার এর নামে হত্যাসহ দেশের নাগরিকদের বিচারবহির্ভুত হত্যা ও আইন প্রয়োগকারী সংস্থার হেফাজতে নির্যাতন করে হত্যাসহ সকল রাস্ট্রীয় নিপীড়ন বন্ধের জন্য দাবি জানানো হয়।
এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, মানবাধিকারকর্মী মোহাম্মদ কবীর উদ্দিন চৌধুরী, এ এস এম এনামুল হক প্রিন্স, ছিফায়েত উল্লাহ মাসফি, আশরাফ সিদ্দিকী, হাসান মাহমুদ ও এস এম বিজয় প্রমুখ।


