সিটি এলাকায় পানি সরবরাহ দিনে-রাতে ১২ ঘন্টা
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০৩ জুন ২০২১, ১০:৫৭ পিএম
ওয়াসার বিশুদ্ধ পানির সংকটের কারণে নারায়ণগঞ্জ সদর,বন্দর ও সিদ্ধিরগঞ্জের সাধারণ মানুষ বছরের পর বছর ধরে যে দুর্ভোগ পোহাতে হয়েছিলো তা সমাধানের জন্য ওয়াসার কাজের দায়িত্ব নেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। এদিকে গত ২৪ মে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল আমিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১ জুন থেকে দুই বেলা ৪ ঘন্টা করে ৮ ঘন্টা পানি সরবরাহ করা হবে।
তবে এই আট ঘন্টার পানি সরবরাহ ঠিক মতো হচ্ছে না বলে দাবি করছে সাধারন মানুষ। এর ফলে গত দুই ধরে তীব্র পানি সংকটে পড়েছে নারায়ণগঞ্জ সদর,বন্দর ও সিদ্ধিরগঞ্জের সাধারণ মানুষ। পানিসংকটের কারণে তাদের রান্নাবান্না, গোসলসহ দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হচ্ছে। আর এই আট ঘন্টা পানি সরবরাহের কারণে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। কেননা, নগরবাসীর কাছে নিরবচ্ছিন্নভাবে বিশুদ্ধ পানি সরবরাহ করার দায়িত্ব নাসিকের। কিন্তু সেই দায়িত্ব সঠিক ভাবে পালন করছে বলে দাবি সাধারণ মানুষের।
ভূক্তভোগী উত্তম সাহা নামের এক ব্যক্তি বলেন, ঢাকা ওয়াসার হাত থেকে মুক্তি পেতে আমরা ওয়াসাকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আওতায় আনার জন্য আমরা জোর দাবি করেছিলাম। আমাদের দাবির প্রেক্ষিতে অবশেষে ওয়াসার দায়িত্ব নেন নাসিক। আমরা খুব খুশি হয়েছিলাম। কারন আমরা এখন থেকে আমরা নিরবচ্ছিন্নভাবে বিশুদ্ধ পানি পাবো। কিন্তু গত দুইদিন ধরে দক্ষিণ কায়েমপুর আমাদের এলাকায় পানি নেই। শুধু এই এলাকায় নয় আমাদের আশপাশের এলাকাতেও পানি নেই ।
পানির সংকটে আমাদের দৈনন্দিন কাজকর্মসহ রান্নাবান্না, গোসলসহ ব্যাহত হচ্ছে। আমাদের এলাকার যে পানির পাম্প আছে তা চলছে কিন্তু পানি পাচ্ছি না। সিটি কর্পোরেশন যে চার ঘন্টা করে দুই বারে আট ঘন্টা পানি দেওয়ার কথা ছিলো তাও ঠিক মতো নেই বললেই চলে। আমাদের একটাই দাবি আমরা পানি চাই। কারন আমরা মাসে বিল পরিশোধ করি। তাহলে কেনো পানির সংকট। আর যদি ঠিত মতো পানি না পাই তাহলে অতীতের মতো আবারও আমরা মানববন্ধন ও বিক্ষোভ করতে বাধ্য হবো।
এবিষয়ে পানি সরবরাহ বিভাগের দায়িত্বে থাকা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী আজগর হোসেন যুগের চিন্তাকে বলেন, আমরা গ্রাহকের কথা চিন্তা করে ওয়াসার পানির সরববাহের এই বিষয়টি নিয়ে আলোচনা করেছি। দিনে দুই বেলায় ৪ ঘন্টার পরিবর্তে ৬ ঘন্টা করে ১২ঘন্টা পানির সরবারহের পরিকল্পনা করছি। এতে করে ভোর ৫টা থেকে সকাল ১১টা এবং বিকেল ৫টা হতে রাত ১১টা পর্যন্ত বৃদ্ধি করা হবে বলে জানান সিটি কর্পোরেশনের এই কর্মকর্তা।
জানা গেছে, গত বছরের ৩১ অক্টোবর নাসিকের পক্ষে মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী এবং ওয়াসার পক্ষে এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও প্রকৌশলী তাকসিম এ খান রাজধানীর একটি হোটেলে নাসিক এবং ঢাকা ওয়াসার মধ্যে সমঝোতা চুক্তি সই করেন। চুক্তির আওতায় ঢাকা ওয়াসার নারাযয়ণগঞ্জ মডস জোন পরিচালনা করবে নাসিক। আগামী এক বছর ঢাকা ওয়াসা জনবল এবং কারিগরি বিষয়ে নাসিককে সার্বিক সহযোগিতা করবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম।
জানা যায়, নারায়ণগঞ্জে ঢাকা ওয়াসার বর্তমান গ্রাহকসংখ্যা ২৬ হাজারের বেশি। ১৯৯০ সালের পহেলা জুলাই থেকে ঢাকা ওয়াসা (ওয়াটার অ্যান্ড সোয়ারেজ অথরিটি) নারায়ণগঞ্জ জোনে তাদের সার্ভিস পরিচালনা করে আসছিল। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন হওয়ার পর ২০১২ সাল থেকে ওয়াসার কার্যক্রম নাসিকের কাছে হস্তান্তর করার ব্যাপারে আলোচনা চলছিল। যা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সহযোগিতায় গত বছরের ৩১ অক্টোবর বাস্তবায়িত হলো। সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে জানা যায় নারায়ণগঞ্জে গভীর নলকূপ আছে ৩১টি, ৩২টি স্ট্রিট হাইড্রেন্ট, ওভারহেড ওয়াটার টাংক আটটি, পানি শোধনাগার আছে দু’টি।
প্রসঙ্গত, গত সোমবার (২৪ মে) নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল আমিন স্বারিত বিজ্ঞপ্তিতে জানানো হয় আগামী ১ জুন থেকে দুই বেলা ৪ ঘন্টা করে ৮ ঘন্টা পানি সরবরাহ করবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পানি সরবরাহ বিভাগের (সাবেক ঢাকা ওয়াসা) আওতাধীন গ্রাহকদের আগামী ১ জুন থেকে ভোর ৫টা থেকে সকাল ৯টা এবং বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত দৈনিক ৮ ঘন্টা পানি সরবরাহ করা হবে। এ সময়ের মধ্যে সকলকে প্রয়োজনীয় পরিমান পানি সংগ্রহ ও সংরক্ষণ করে ব্যবহার করা জন্যে অনুরোধ জানানো হলো। এছাড়াও প্রত্যেক গ্রাহককে নিজ নিজ স্থাপনায় আন্ডারগ্রাইন্ড ওয়াটার রিজার্ভ নির্মাণ করে পানি সংগ্রহ ও সংরণ করার ব্যবস্থা গ্রহণের জন্যে অনুরোধ জানানো হয়


