আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীকে আবারো লড়তে চান বর্তমান মেয়র ও জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী। তিনি আবারও প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনার কাছে মনোয়ন চাইবেন বলে জানিয়েছেন। গতকাল রোববার (২৭ জুন) বিকেলে নগরীর ইসদাইরে একটি মসজিদের নির্মাণকাজের উদ্বোধন করতে গিয়ে এসব কথা বলেন তিনি।
নগরবাসীর উদ্দেশ্যে ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘আমি আপনাদের সাথে ২০০৩ থেকে আছি। শুরুতে যেভাবে কাজ করেছি, এখনও সেভাবে কাজ করছি। আপনাদের ভোটে নির্বাচিত প্রতিনিধি আমি। আমার দায়িত্ব প্রায় শেষের পথে। সব ঠিকঠাক থাকলে ডিসেম্বরে নির্বাচন হবে। আমিও প্রধানমন্ত্রীর কাছে মনোনয়ন চাইবো। নেত্রী আমাকে মনোনয়ন দিলে আমি আপনাদের কাছে ভোট চাইবো। এই শহরে কে প্রতিনিধিত্ব করবে সেটা নির্ধারণের দায়িত্ব নগরবাসীর।’
মেয়র আরো বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নিজস্ব অর্থায়নে ৭টি মসজিদ নির্মাণ করছে। এছাড়া আরও কিছু মসজিদ ও মন্দিরে অর্থায়ন করেছে। এছাড়াও নদীর ঐপারেও অনেক মসজিদ নির্মাণ করে দিয়েছি। শুধু মসজিদই নয়, মন্দিরও নির্মাণ করে দিয়েছি। অনেক মসজিদ-মন্দিরে আমরা সহযোগিতা করেছি। কেননা আমি সকল ধর্মের মানুষের প্রতিনিধিত্ব করছি। অথচ কিছুদিন আগে বিভিন্ন ধরনের মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হয়েছিল। মিথ্যা সবসময় যে মিথ্যাই থাকে তা আবারও প্রমাণিত হয়েছে। সত্য একদিন মানুষের সামনে আসবেই।’
বক্তব্য শেষে সিটি কর্পোরেশনের অর্থায়নে প্রায় তিন কোটি টাকা ব্যয়ে নগরীর ১২ নং ওয়ার্ডে মাওলা আলী (রা.) সিটি জামে মসজিদের নির্মাণকাজের উদ্বোধন করেন মেয়র আইভী।
মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ইব্রাহিম চেঙ্গিসের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন, নাসিক এর প্যানেল মেয়র-১ আফসানা আফরোজ বিভা ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর মিনোয়ারা বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


