চাষাঢ়ায় মাদকব্যবসার আধিপত্য নিয়ে সংঘর্ষ, নিহত ১, আহত ৩
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২৯ জুন ২০২১, ০৮:২২ পিএম
ইসদাইরে জয়যাত্রা ক্লাবের আধিপত্য নিয়ে এই ঘটনা ঘটে থাকতে পারে-ওসি রকিবুজ্জামান
মাদক ব্যবসার আধিপত্য নিয়ে মাদক ব্যবসায়ী সোহাগ ও মিলন গ্রুপের সংঘষে একজন নিহত ও আরো ৩ জন গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৮ জুন) রাত ১০টার দিকে চাষাঢ়া রেলস্টেশন প্ল্যাটফর্মের পাশে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম রুবেল (২৭)। তিনি লালমনিরহাট জেলার আদিরবাড়ি থানার শামসুল আলমের ছেলে।
তার মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে রাত ১২টা অবধি পড়ে ছিল। গুরুতর আহত দুজন জুয়েল (৩০) এবং সোহাগ তনয়কে (১৮) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় আহত হাফিজুলকে (১৮) ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। হাসপাতাল সূত্রে এসব তথ্য জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ফতুল্লার ইসদাইর বুড়ির দোকান এলাকার একটি মাদকব্যবসায়ী গ্রুপ ও চাষাঢ়া রেলস্টেশন এলাকার অপর একটি গ্রুপের মধ্যে মাদক ব্যবসার আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে সোমবার রাত ১০ টার দিকে ধারালো অস্ত্র, লাঠিসোটা নিয়ে দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় ধারালো অস্ত্রের আঘাতে ৪ জন আহত হয়। তাদের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহত রুবেল পথচারী ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। সূত্র জানিয়েছে, মাদক স্পটটি পরিচালনা করতেন মিলন। জামান ও সোহাগ নামে দুই ব্যক্তির শেল্টারে মিলন এই মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। জামান ও সোহাগ চাঁনমারী বস্তি এলাকায় মাদকব্যবসা পরিচালনাতেও যুক্ত বলে জানিয়েছে সূত্র।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবউজ্জামান যুগের চিন্তাকে বলেন, ‘আমরা যতটুকু জানতে পেরেছি রেলস্টেশরেন পাশে জয়যাত্রা নামের একটি ক্লাবে আধিপত্য নিয়ে অভ্যন্তরীণ বিরোধের জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে। এঘটনায় ১ জন নিহত হয়েছেন। কে বা কারা ঘটিয়েছে এখনো সেই বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। তবে যারা এ ঘটনাটি ঘটিয়েছে তারা একসময় চানমারী কেন্দ্রীক ছিল। চানমারীতে ব্যাপক অভিযানের পরে তারা সেখান থেকে সরে গিয়ে এই ক্লাবে বসার আধিপত্য নিয়ে এঘটনা ঘটিয়ে থাকতে পারে।’


