চারদিন পরও মেরামত হয়নি ভেঙে যাওয়া বৈদ্যুতিক খুঁটি
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২৯ জুন ২০২১, ০৮:৪০ পিএম
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৪ নং ওয়ার্ডের ভূঁইয়ারবাগ এলকার বোয়ালিয়া খাল সড়কে সিমেন্টবাহী ট্রাকের ধাক্কায় একটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে গেছে। গত ২৪ জুন রাতে এ ঘটনা ঘটে। তবে ভেঙে যাওয়ার পর চারদিন পেরিয়ে গেলেও এখনো সেই বৈদ্যুতিক খুটিটি মেরামত করা হয়নি।
স্থানীরা বলেন, বৈদ্যুতিক খুটিটি ভেঙে যাওর পর-পরই আমরা কাউন্সিলরকে জানিয়েছি, কিন্তু এখনো এটি ঠিক করা হয়নি। তাই খুটির মধ্যে ঝুলন্ত ফোর-ফরটি শক্তিশালী কারেন্টের তার থেকে বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।
এদিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, বোয়ালিয়া খাল সড়কের ঠিক মাঝখানে তারসহ বৈদ্যুতিক খুটিটি ঝুলে আছে। এতে এখনো বিদ্যুতের সংযোগ আছে। আর সড়কের ঠিক মাঝ বরাবর ফোর-ফরটি তারগুলো ঝুলে থাকায়, বাঁশ ও কাঠদিয়ে সেই তার উপরদিকে সরিয়ে বিভিন্ন যানবাহন চলাচল করছে। স্থানীয় এক ওষুধের দোকানী এ বিষয়ে বলেন, গত ৪ দিন আগে এই বিদ্যুতের খুটিটি ট্রাকের ধাক্কায় ভেঙে যায়। তাই আমরা বিষয়টি ১৪ নং ওয়ার্ডের কাউন্সিলর শফিউদ্দিন প্রধানকে জানাই। কিন্তু এখন পর্যন্ত এই বৈদ্যুতিক খুঁটি মেরামত করা হয়নি।
এছাড়া সিটি করপোরেশন অথবা সংশ্লিষ্ট কেউ এখনো এই বিষয়ে কোন পদক্ষেপ নেয়নি। আমিনুল নামে ভূঁইয়ারবাগ এলাকার এক বাসীন্দা বলেন, আজকে অনেকদিন ধরেই এই বৈদ্যুতিক খুঁটিটি এখানে ঝুঁলে আছে। এরমধ্যে এখনো বিদ্যুতের সংযোগ আছে। তাই এতে যেকোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। কিন্তু আমরা বিষয়টি স্থানীয় কাউন্সিলরকে জানালেও এটি এখনো ঠিক করা হয়নি।
জানতে চাইলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৪ নং ওয়ার্ডের কাউন্সিলর শফিউদ্দিন প্রধান বলেন, আমি ঘটনাটি জানার পরই আমাদের সিটি করপোরেশনের এক প্রকৌশলীকে বিষয়টি জানিয়েছি। কিন্তু এরপরও তাঁদের পক্ষ্য থেকে কোন পদক্ষেপ নেয়া হয়নি। তাই এতে আমার কোন দোষ নেই। আর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী আজগর হোসেন বলেন, আমি খোঁজ-খবর নিয়ে দ্রæতই সমস্যাটি সমাধান করবো।


