অবৈধ দখল হতে আড়াই একর জমি উদ্ধারে মেয়র আইভী
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ৩০ জুন ২০২১, ০৮:৩৩ পিএম
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকার মৃতপ্রায় বাবুরাইল, সিদ্ধিরগঞ্জ, খাল উদ্ধার ও সৌন্দর্যবর্ধন করে সর্বমহলে বেশ প্রশংসিত হয়েছেন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। এই দু’টি খালই নয় সিটি এলাকায় দখল ও দূষণে মৃতপ্রায় আরও কয়েকটি খাল উদ্ধার করেছেন তিনি। উদ্ধার করেছেন দখল হয়ে যাওয়া বিপুল পরিমাণ জমি।
স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে পাওয়া এক তথ্যমতে, গত ২০১৯-২০ অর্থবছরেই নারায়ণগঞ্জ সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর নেতৃত্বে প্রায় আড়াই একর জমি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে দখলমুক্ত করেছেন। স¤প্রতি স্থানীয় সরকার মন্ত্রণালয় বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে। ওই তথ্যমতে জানা যায়, ছয়টি মৌজার ২ দশমিক ৪৮ একর জমি উদ্ধার করেছে নাসিক।
এর মধ্যে পাইকপাড়ায় দুই দাগে ১ একর ৫৩ শতাংশ ও মোকরবা ‘ম’ খন্ডে তিন দাগে ৭০ শতাংশ জমি দখলমুক্ত করেছেন ডা. সেলিনা হায়াৎ আইভী। এছাড়া বড় দেওভোগের দুই মৌজায় ১৪ শতাংশ, নবীগঞ্জ ‘ম’ খন্ডে ২ শতাংশ ও দাঁশের গাঁয়ে ১৫ শতাংশ জমি উদ্ধার করা হয়েছে। অবৈধ দখলদারদের থেকে সরকারি জমি উদ্ধারে সিটি কর্পোরেশন সবসময় তৎপর বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।
তিনি বলেন, সরকারি জমি দখলমুক্ত করার ক্ষেত্রে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে অনেক জমি দখলমুক্ত করা হয়েছে। আরও প্রক্রিয়া চলছে। এছাড়াও বিভিন্ন খাল দখল ও দূষণমুক্ত করে সৌন্দর্যবর্ধন করে দেওয়া হয়েছে।


