বিসিকে কালিয়ানী খাল উদ্ধারে নেমেছে নাসিক
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০১ জুলাই ২০২১, ০৮:৩৪ পিএম
শিল্পনগরী বিসিকে কালিয়ানী খালের দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও খাল পরিষ্কারে অভিযানে নেমেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। গতকাল সকাল দশটায় নাসিকের প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভা হাসানের নেতৃত্বে অভিযান শুরু হয়। বিসিকের শাসনগাও এলাকা থেকে অভিযান শুরু করা হয়। প্রথমে খালের পাশের জমিতে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট নিজ উদ্যোগে সরিয়ে ফেলার জন্য বলা হয়।
সর্বশেষ বেলা ১২টায় দেখা যায়, দোকানদাররা দোকানের মালপত্র সরিয়ে নিচ্ছেন। ঘন্টাখানেকের মধ্যে এক্সাভেটর (ভেকু) দিয়ে অবৈধ দখল ও দূষণে পানি প্রবাহে বাধা সৃষ্টি হওয়া খালটি উদ্ধারে নামবে নাসিক। নাসিকের প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভা বলেন, সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর নির্দেশনায় কালিয়ানী খালটি উদ্ধারে নেমেছেন তারা। খালটির পানি প্রবাহ স্বাভাবিক হলে সিটি কর্পোরেশনের কয়েকটি এলাকাসহ ফতুল্লা থানাধীন এনায়েতনগর ইউনিয়নেরও কয়েকটি এলাকার জলাবদ্ধতার সমস্যা নিরসন হবে।
সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী আজগর হোসেন বলেন, কালিয়ানী খালটি প্রায় দশ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এই খালটি এনায়েতনগর ইউপিতে হলেও এটি দিয়ে সিটি কর্পোরেশনের কয়েকটি এলাকার পানি প্রবাহিত হয়। খালটি দখল ও দূষণে অধিকাংশ ভরাট হয়ে গেছে। এতে বেশ কয়েকটি এলাকায় কৃত্রিম জলাবদ্ধতা তৈরি হয়েছে। সিটি মেয়রের নির্দেশে খালটি উদ্ধারে নেমেছে নাসিক। আগামী ১৫ দিনের মধ্যে খালটি উদ্ধার কার্যক্রম সম্পন্ন করা হবে। এতে জলাবদ্ধতা নিরসনসহ সুদূরপ্রসারী প্রভাব পড়বে সংশ্লিষ্ট এলাকাগুলোতে।
খাল উদ্ধার অভিযানে আরও উপস্থিত আছেন এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান, সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মকর্তা আলমগীর হীরণ, আবুল হোসেন প্রমুখ।


