করোনা সংক্রমণের বিস্তার রোধে গত ২৩ জুলাই থেকে চলছে কঠোর বিধিনিষেধ। আর বিধিনিষেধের ৫ম দিনেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লোকজনকে নির্বিঘ্নে চলাচল করতে দেখা গেছে। দূর দূরান্তে যেতে মানুষের ভরসা হিসেবে কাজ করছে পিক-আপ। গতকাল সকালে সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল ও সাইনবোর্ড এলাকায় এমন চিত্র দেখা যায়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, অল্প দুরত্বের স্থানে যেতে মানুষ রিকশা বা ইজিবাইক ব্যবহার করছে। গণপরিবহন বন্ধ থাকায় দূর দূরান্তে যাওয়ার ক্ষেত্রে মানুষ পণ্যবাহী পিক-আপ ব্যবহার করছেন। পিক-আপে উঠার সময় সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় রাশেদুজ্জামান নামে এক যাত্রী জানান, আমি কুমিল্লা দাউদকান্দি যাবো।এতো দূরে তো রিকশা যাবে না। তাই পিক-আপে যেতে হবে।
সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় থেকে রাইসুল নামে এক যাত্রী পিক-আপে উঠার সময় বলেন, আমি দেড় ঘন্টা এখানে (শিমরাইল) দাঁড়িয়ে ছিলাম। উপায় না পেয়ে পিক-আপে উঠলাম। আমি যাত্রাবাড়ী যাবো। একই স্থান থেকে পিকআপে উঠার সময় ইয়ার হোসেন নামে আরেক যাত্রী বলেন, আমি গত ২ দিন ধরে পোস্তগোলা থেকে পিক- আপে আসা যাওয়া করছি। এতো দূরে রিকশায় গেলে প্রচুর ভাড়া লাগে। এদিকে রাস্তাঘাটে যাত্রীরা স্বাস্থ্যবিধিও মানছেন না।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজেস্ট্রেট আব্দুল মতিন জানান, আজকে কিছু অফিস খোলা থাকায় মানুষের একটু চাপ রয়েছে। অনেকেই স্বাস্থ্যবিধি মানলেও কিছু মানুষ স্বাস্থ্যবিধি মানতে নারাজ। তাদেরকে আমরা সচেতন করছি। উল্লেখ্য, করোনা সংক্রমণের বিস্তার রোধে গত ২৩ জুলাই থেকে টানা দুই সপ্তাহের কঠোর বিধিনিষেধের ঘোষণা দিয়েছে সরকার।


