জেলার সর্বত্র সাত আগস্ট থেকে টিকার ৫ দিনের ক্রাশ প্রোগ্রাম
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০৪ আগস্ট ২০২১, ০৯:৪৮ পিএম
# সিটি, পৌরসভা ও ইউনিয়নগুলির সব ওয়ার্ডে এক যোগে দেয়া হবে টিকা, এই প্রোগ্রাম সফল হলে পরিস্থিতির আমূল পরিবর্তন আসবে : সিভিল সার্জন ইমতিয়াজ
নারায়ণগঞ্জে করোনা এখন হার্ড ইমিউনিটি পর্যায়ে চলে গেছে। সর্বত্র ব্যাপক ভাবে ছড়িয়ে পরেছে করোনা। পরিস্থিতি এখন এমন দাড়িয়েছে যে ঘরে ঘরে এই রোগটির বিস্তার লাভ করেছে। এমতাবস্থায় সরকারের স্বাস্থ্য বিভাগ সারা নারায়ণগঞ্জে এক যোগে সাত দিনের একটি ক্রাশ প্রোগ্রাম হাতে নিয়েছে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন থেকে শুরু করে একেবারে ইউনিয়নগুলির ওয়ার্ড পর্যায় পর্যন্ত এক যোগে টিকা দান কর্মসূচি পালন করা হবে। এতে বিপুল সংখ্যক মানুষকে টিকা দেয়া হবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জে সিভিল সার্জন ডাক্তার ইমতিয়াজ আহম্মেদ। তিনি আরো জানিয়েছেন এই ক্রাশ প্রোগ্রাম শেষ হলে নারায়ণগঞ্জ জেলার সর্বত্র পরিস্থিতি নিয়ন্ত্রনে চলে আসবে বলে তিনি মনে করেন।
এদিকে খবর পাওয়া গেছে নারায়ণগঞ্জ শহর, ফতুল্লা, বন্দর, সিদ্ধিরগঞ্জে একই অবস্থা বিরাজ করছে। এরই মাঝে প্রায় প্রতি দিনই কোনো না কোনো ব্যাক্তি মৃত্যু বরন করছে। এদের মাঝে এই জনপদের পরিচিত মুখ বা বিশিষ্ট ব্যাক্তিরাও থাকছেন। গত এক সপ্তাহে করোনায় আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জ শহরের সকলের পরিচিত ব্যাক্তিত্ব কবি আমজাদ হোসেন ইন্তেকাল করেছেন। বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সবেক সভাপতি কবি হালিম আজাদ। এর আগে মৃত্যু বরন করেছেন আলীরটেক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুজ্জামান সরকার। দুইজনেই নারায়ণগঞ্জবাসীর মাঝে ভালো মানুষ হিসাবে পরিচিত ছিলেন। তারা দুইজনেই করোনায় আক্রান্ত হয়ে পৃথক হাসপাতালে মৃত্যুবরণ করেন।
এছাড়া নারায়ণগঞ্জের উল্লেখিত চার থানায় গত এক সপ্তাহে মৃত্যু বরন করেছে আরো অনেকে। তবে এদের অনেকেই করোনা টেস্ট করেনি এবং হাসপাতালে যায়নি। গত সপ্তাহে ফতুল্লা থানার গাবতলী এলাকায় শ্বাসকষ্টজনিত কারনে মৃত্যুবরণ করেছেন এক নারী এবং এক পুরুষ। এই দুইজনের মাঝে শেখ মনির নামের ব্যাক্তি হাসপাতালে নেয়ার পর মৃত্যু বরন করেন। এছাড়া অপর এক নারী শ্বাস কষ্ট হয়ে তার বাড়িতেই মৃত্যু বরন করেন। দুইজনের কারোই করোনা টেস্ট করা হয়নি তবে দুই জনেই করোনায় আক্রান্ত হয়ে মুত্যু বরন করেছেন বলে জানিয়েছেন এলাকাবাসী এবং তাদের স্বজনরা।
অপরদিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক এবং বক্তাবলী ইউনিয়নেও এবার ব্যাপকভাবে ছড়িয়ে পরেছে করোনা। আলীরটেক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক নূরুজ্জামান সরকার মৃত্যু বরন করার আহে বক্তাবলী ইউনিয়নের চেয়ারম্যান শওকত আলী করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর হাসপাতালে ভর্তি হয়ে আইসিউইতে ছিলেন। জানা গেছে এই দুটি ইউনিয়নের ঘরে ঘরে এখন করোনায় আক্রান্ত রোগী রয়েছে। তারা বাড়িতেই চিকিৎসা নিচ্ছে আবার অনেকে এসে নারায়ণগঞ্জ (৩০০ শয্যা) করোনা হাসপাতালে এসে চিকিৎসা গ্রহন করছেন।
এদিকে এনায়েতননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান জানিয়েছেন, তার নিজের মেয়ে সহ পরিবারের অনেকেই করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি আরো জানান তার ইউনিয়নের সর্বত্র এখন ব্যাপক ভাবে করোনায় আক্রান্ত হওয়ার খবর আসছে। একই ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার রোজিনা আক্তার জানান, এই মুহুর্তে নারায়ণগঞ্জের সর্বত্র মহিলারা বেশি আক্রান্ত হচ্ছে। প্রসঙ্গত রোজিনা মেম্বার সারা দেশে একজন করোনা যোদ্ধা হিসাবে পরিচিত। তিনি শুরু থেকেই করোনায় কোনো মহিলা মৃত্যুবরণ করলে গোসল করাচ্ছেন। তিনি বলেন সাম্প্রতিক সময়ে তিনি অধিক সংখ্যক মহিলার মৃত্যুর পর গোসল করিয়েছেন। মূলত এভাবেই এখন সারা নারায়ণগঞ্জের ঘরে ঘরে করোনা ছড়িয়ে পরেছে বলে জানা গেছে। তাই সবাই মনে করেন সরকারের উচিৎ যতো দ্রুত সম্ভব ইউনিয়নগুলির ওয়ার্ডে ওয়ার্ডে টিকাদান কর্মসূচি শুরু করা। এমতাবস্থায় আগামী ৭ আগষ্ট থেকে এই কর্মসূচি শুরু হতে যাচ্ছে।
এদিকে এ বিষয়ে জানতে গতকাল নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডাক্তার ইমতিয়াজ আহম্মেদ বলেছেন, বর্তমানে নারায়ণগঞ্জের সার্বিক পরিস্থিতি কিছুটা স্থিতিশীল অবস্থায় রয়েছে। বাড়ছেও না কমছেওনা। এটা খারাপের মধ্যে ভালো বলতে পারেন। তিনি আরো বলেন, আশার কথা হলো আমরা আগামী সাত তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত সারা নারায়ণগঞ্জ জেলায় ক্রাশ প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি। এটা সফল হলে এই জেলায় করোনার প্রকোপ অনেকটাই কমে আসবে বলে আমি মনে করি। তিনি আরো বলেন আমি নারায়ণগঞ্জবাসীকে আহবান জানাবো তারা যেনো কঠোর ভাবে স্বাস্থ্য বিধি মেনে চলেন। মাক্স না পরে যেরো কিছুতেই চলাফেরা না করেন।
তাই টিকার ক্রাশ প্রোগ্রাম শুরু হওয়ার সাথে সাথে আমরা যদি সচেতন ভাবে জীবনযাপন করি তাহলে পরিস্থিতি দ্রুত পাল্টে যাবে বলে আমি মনে করি। আমরা শিগগিরই একটি করোনা মুক্ক সমাজ পাবো বলে আশা করি। তিনি এই টিকা দানের ক্রাশ প্রোগ্রাম সফল করার জন্য সকলের প্রতি আহবান জানান।


