টিকা গ্রহনের বিরোধীতাকারি মাওলানা আউয়াল নিলেন টিকা
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০৯ আগস্ট ২০২১, ০৯:২৬ পিএম
টিকা নেয়ার বিরোধীতা করে খুতবায় বক্তৃতা দেয়া জেলা হেফাজতের সাবেক আমীর মাওলানা আব্দুল আউয়াল নিজেই টিকা নিয়েছেন। সোমবার সকালে তিনি টিকা গ্রহন করেন। হেফাজতের নাশকতার নেতৃত্ব দেয়া ও টিকা গ্রহনের বিরোধীতার কারনে জেলা আওয়ামীলীগের সভাপতি তার গ্রেফতার দাবী করে আসছেন।
মাওলানা আব্দুল আউয়ালের ফেসবুক পোষ্ট থেকে জানা যায়, সোমবার সকাল দশটা দশ মিনিটে তিনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৭ নং ওয়ার্ডের অস্থায়ী টিকাদান কেন্দ্রে টিকা গ্রহন করেন। টিকা গ্রহনের বিরোধীতা করে আবার টিকা গ্রহন সম্পর্কে মাওলানা আব্দুল আউয়াল বলেন, সম্প্রতিকালে কোভিড-১৯ টিকা বিষয়ে আমার জুম'আর আলোচনা সঠিক ভাবে অনুধাবন না করে উদ্দেশ্য প্রণোদিতভাবে কতিপয় ব্যক্তি বিভিন্ন অনুষ্ঠানে আমার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক বক্তব্য দিয়ে জনমনে বিভ্রান্তি দৃষ্টি করতে চাচ্ছেন। আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই বলেন, একাধিক জুম্মায় মাওলানা আব্দুল আউয়াল টিকার বিরোধীতা করে বক্তব্য রেখেছেন। তার বক্তব্য অনলাইনে এখনো আছে। ফলে তিনি কি বলেছেন তা চাইলেই জানা যেতে পারে। তিনি নিজেই টিকার বিরোধীতা করে আবার টিকা নিয়েছেন- এতেই বুঝা যায় নিজের বক্তব্যের প্রতি তার নিজেরই আস্থা নেই। তারা নেতৃত্বে নারায়ণগঞ্জে হেফাজতে ইসলাম নাশকতামূলক কর্মকান্ড চালিয়েছে। এখনো তিনি সরকারের বিরোধীতা করে যাচ্ছেন। আমি তার গ্রেফতার দাবী করছি।


