শহরের চাষাঢ়া বালুরমাঠ এলাকার এপোলো নামক একটি বেসরকারি ক্লিনিকে অক্সিজেন সিলিন্ডারের মিটার বিস্ফোরণে মো. রাজীব (২৭) ও হৃদয় (২১) নামের দুই ওয়ার্ড বয় আহত হয়েছেন। বুধবার (১১ আগস্ট) বিকেলে চাষাঢ়া বালুরমাঠ এলাকার ভাষা সৈনিক সড়কে অবস্থিত এ্যপোলো ক্লিনিকের চতুর্থ তলায় এই বিস্ফোরণের ঘটনাটি ঘটে।
এর মধ্যে রাজিবের অবস্থা গুরুতর। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত রাজিবের বাড়ি বরিশাল বলে জানা গেছে। তার শরীরের বিভিন্ন অংশসহ মুখমন্ডল পুড়ে গেছে। হৃদয়ের বাড়ি বন্দর উপজেলায়। তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।
এ ঘটনায় প্রত্যক্ষদর্শী স্টাফরা জানান, দুপুরে এক প্রসূতির সিজার অপারেশন করা হয়। পরে তাকে অবজারভেশন রুমে পাঠানোর প্রক্রিয়া হিসেবে রাজীব ও হৃদয় অবজারবেশন রুমটি প্রস্তুত করার কাজ করছিলেন। তখন হঠাৎ করেই একটি বিকট শব্দ হলে সবাই সে রুমে গিয়ে দেখে সিলিন্ডারটি বিস্ফোরণ হয়ে তারা দুইজন আহত অবস্থায় পড়ে আছে।
এ বিষয়ে ক্লিনিকের ম্যানেজার আফজাল হোসেন জানান, এক রোগীর অপারেশনের জন্য সিলিন্ডার লাগানোর সময় সিলিন্ডারের সাথে থাকা মিটারটিতে বিস্ফোরণ ঘটে। তিনি আরো জানান, সিলিন্ডারটি লিকেজ ছিল বলেই এই বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। তখন ঐ রুমে অন্যকোন লোক ছিল না বলে জানান তিনি। তাদের মধ্যে হৃদয়কে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিলেও রাজীবের শরীরের অধিকাংশ পুড়ে যাওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান বলেন, বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


