ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের তানভীর রনি আর নেই
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১২ আগস্ট ২০২১, ০৫:৩৫ পিএম
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক তানভীর রনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুর ২টার দিকে হাসপাতালে নেয়ার পথে স্ট্রোক জনিত কারণে মারা যান তিনি।
এ বিষয়ে রনির ছোট ভাই ইসমাইল জানান, আগের দিন বুধবার রাত থেকেই রনির গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছিল। তাই রাতে তিনি স্থানীয় হাসপাতাল থেকে চিকিৎসা গ্রহণ করে বাসায় চলে আসেন। দুপুরে বৃহস্পতিবার বাসায় থাকাকালীন অবস্থায় হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন তিনি। পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই তিনি মৃত্যুবরণ করেন। বৃহস্পতিবার বাদ এশা দেওভোগ বড় জামে মসজিদে তার নামাজের জানাযা অনুষ্ঠিত হবে।
তানভীর রনির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) এর মেয়র ডা. সেলিনা হায়াত আইভী, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন।
এছাড়াও শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক কাজল হাজরা, নারায়ণগঞ্জ জেলা জার্নালিস্ট এসোসিয়েশনের সকল সদস্যের পক্ষে কমিটির সভাপতি হাবিবুর রহমান শ্যামল ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলামসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।


