দেশে এক চরম সাংস্কৃতিক সংকট চলছে : রফিউর রাব্বী
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৩ আগস্ট ২০২১, ০৮:১৪ পিএম
‘সংস্কৃতি হোক সমাজ পরির্বতনের হাতিয়ার’ এই স্লোগানকে সামনে রেখে বাসদ মিলনায়তনে চারণ সাংস্কৃতিক কেন্দ্র নারায়ণগঞ্জ জেলার নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শুক্রবার (১৩ আগষ্ট) বিকালে নগরীর ২ নং রেলগেটস্থ বাসদ মিলনায়তনে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সংগঠক প্রদীপ সরকারের সভাপতিত্বে এ পরিচিতি সভায় বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি।
তিনি বলেন, দেশে এক চরম সাংস্কৃতিক সংকট চলছে। একদিকে পুজিঁবাদী ভোগবাদী সংস্কৃতি আরেকদিকে মৌলবাদী সংস্কৃতি মানুষের জীবনকে বিষিয়ে তুলেছে। বিচারের আগেই একজন নায়িকাকে অভিযুক্ত করে পুলিশ প্রশাসন ও মিডিয়া র্কতৃক সম্ভ্রমহানি করা হয়েছে। অথচ ঘটনায় যুক্ত রাঘব বোয়ালরা রয়েছে ধরাছোঁয়ার বাহিরে। এতে নারীর প্রতি সমাজের নিম্ন চিন্তার উসকানি দেয়ায় নারী নির্যাতনের মাত্রা আরো বৃদ্ধি পাবে।
বিচারহীনতার সংস্কৃতি অপরাধের মাত্রা বাড়িয়ে দিচ্ছে। স্বাধীনতার ৫০ বছরের দ্বারপ্রান্তে এসেও সাম্প্রদায়িক সহিংসতার স্বীকার হতে হচ্ছে সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ ও আদিবাসী সম্প্রদায়কে। তখন আমরা বুঝি আমাদের মুক্তিযুদ্ধের বাংলাদেশ হারিয়ে গেছে। সুনামগঞ্জের শাল্লায় হিন্দুগ্রামে হামলাকারী মুক্তি পায় অথচ নিরাপরাধ ঝুমন দাশকে থাকতে হয় জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে। তাই আজ মুক্তিযুদ্ধের চেতনার সংস্কৃতি অর্থাৎ অসাম্প্রদায়িক গণতান্ত্রিক মুক্ত চেতনার সংস্কৃতিকে আরো জাগ্রত করতে হবে।
সভার শেষ পর্যায়ে প্রদীপ সরকারকে আহবায়ক ও জামাল হোসেনকে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন চারণের কেন্দ্রীয় ইনচার্জ নিখিল দাস। পরিশেষে চারণ শিল্পীরা সংগীত পরিবেশন করেন।
এসময় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বাসদ নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক ও চারণের কেন্দ্রীয় ইনচাজ নিখিল দাস, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি ধীমান সাহা জুয়েল, চারণের সংগঠক জামাল হোসেন ও সেলিম আলাদীন প্রমূখ।


