নিজের আখের গোচাতে আওয়ামীলীগ পদ ব্যবহার করবেন না : আনোয়ার হোসেন
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২২ আগস্ট ২০২১, ০৯:১৮ পিএম
১৫ই আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ দর্জি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ আগষ্ট) বিকেলে নগরীর ১৬ নং ওয়ার্ড আওয়ামীলীগ কার্যালয়ে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাপের মতো কিছু মানুষ আছে, তারা সাপের চেয়ে আরও বেশি বিষাক্ত। জাতির জনক বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হয়, তখন ভাবলাম একটা কিছু করা দরকার। আমরা তখন রাজপথে থেকে ছাত্ররাই বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ করেছিলাম। আজ যেদিকে তাকাই শুধু আওয়ামী লীগ আর আওয়ামীলীগ। আমার ভয় হয়, কারণ আরেকটা ১৫ ই আগষ্ট যেন না হয়। আজকে সবাই নেতা হতে চায়। তাই শ্রমিকলীগের প্রতি আমার অনুরোধ থাকবে, কোন শত্রু যেন এ সংগঠনে ঢুকতে না পারে। আমাদের দেশ গঠনে যেন তারা আবার বাধার সৃষ্টি করতে না পারে। সুবিধা বাধীদের কাছ থেকে আমাদের আরো সাবধান থাকতে হবে।
আনোয়ার হোসেন আরো বলেন, নারায়ণগঞ্জে এখন আওয়ামীলীগের ছড়াছড়ি। এদের মধ্যে সুবিধাভোগীরা তৎপর রয়েছে সকলের মাঝে। জি.কে শামীমের মত লোকদের আওয়ামীলীগে পদ দেয়ার জন্য উঠে পড়ে লেগেছিল তারা। জি.কে শামীম যখন হাসপাতালে ভর্তি হয়, তখন অনেক বড় বড় নেতা হাসপাতালে ছুটে গিয়েছিল তাকে দেখার জন্য। এখন তিনি জেলে, নেতাদের ভিড়ে ঐনেতারা এখন গা-ঢাকা দেয়া অবস্থায়। তাই আমি বলতে চাই, বঙ্গবন্ধুর আদর্শে গড়া নেতা-কর্মীদের মধ্য থেকে মূল্যায়ন করুণ। নিজের আখের গোচানোর জন্য আওয়ামীলীগের পদ-পদবী ব্যবহার করবেন না।
নাঃগঞ্জ দর্জি শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতা মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক এস এম আহসান হাবিব, সাংগঠনিক সম্পাদক জি এম আরাফাত, নাঃগঞ্জ জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মাইনুদ্দিন আহম্মেদ বাবলু ও মহানগর শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক সবুজ শিকদার প্রমুখ।


