টিকা দিতে দেরি করায় হাসপাতাল স্টাফদের মারধর
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২৪ আগস্ট ২০২১, ০৯:০৬ পিএম
নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল কেন্দ্রে করোনার টিকা দিতে দেরি করায় উত্তেজিত টিকাগ্রহীতাদের বিরুদ্ধে হাসপাতালের স্টাফ ও স্বেচ্ছাসেবকদের মারধর ও লাঞ্চিত করার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় দু’জনকে আটকও করেছিল হাসপাতাল কর্তৃপক্ষ। পরে মুচলেকায় ছাড়া পান তারা।
মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুরে হাসপাতালের তৃতীয় তলার একটি টিকা বুথে এই ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের স্টাফ সাউদ নূর, সিটি কর্পোরেশনের নিয়োজিত স্বেচ্ছাসেবক মো. রবিন ও লাঞ্চিত হয়েছেন অর্পনা নামের এক নার্স।
জানা যায়, নিয়মিত বরাদ্দের টিকা সোয়া একটার দিকে শেষ হয়ে যায়। তখন সর্বোচ্চ ৩০ জন টিকাগ্রহীতা লাইনে ছিলেন। অতিরিক্ত টিকা আনার প্রক্রিয়া চলছিল। তবে এসময় টিকাগ্রহীতার লাইনে থাকা কয়েকজন ব্যক্তি উত্তেজিত হয়ে পড়েন। তাদের তাৎক্ষণিক টিকা দিতে হবে বলে হাসপাতালের স্বেচ্ছাসেবক ও স্টাফদের সাথে দুর্ব্যবহার করেন। এক পর্যায়ে স্বেচ্ছাসেবক রবিনকে মারধর শুরু করেন তারা। তাদের থামাতে এসে মারধর ও লাঞ্চনার শিকার হন হাসপাতালের ওয়ার্ডবয় সাউদ নূর ও নার্স অপর্না। সাউদ নূরের হাতে থাকা হ্যান্ড মাইক আছাড় মেরে ভেঙে ফেলেন তারা।
এ বিষয়ে শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. সাঈদুজ্জামান বলেন, টিকা নিয়ে হাসপাতালের স্টাফ ও টিকা গ্রহীতাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়। পরে স্টাফদের সাথে দুর্ব্যবহার ও তাদের লাঞ্চিত করেন দুই ব্যক্তি। এ বিষয়ে মিমাংসা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষও কোনো অভিযোগ করতে চাননি বলে মুচলেকা নিয়ে ছাড়া হয়েছে অভিযুক্ত দুই ব্যক্তিকে।
এদিকে হাসপাতালের একটি সূত্র জানায়, আটক দুই ব্যক্তিকে হাতকড়াও পড়িয়েছিল পুলিশ। তাহের আলী নামে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির তদবিরে কোনো অভিযোগ ছাড়াই অভিযুক্ত দু’জনকে ছেড়ে দেয় পুলিশ। হাসপাতাল কর্তৃপক্ষও পরে কোনো আপত্তি তোলেনি।
এই বিষয়ে জানতে চাইলে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ বলেন, এই বিষয়ে কিছু জানি না। তবে কিছুক্ষণ হাসপাতালের টিকাপ্রদান কার্যক্রম বন্ধ ছিল বলে অবগত ছিলেন তিনি।


