#এসব ত্যাড়ামোর কারণেই নগরবাসীর কাছে তিনি এত জনপ্রিয়
মেয়র আইভী নারায়ণগঞ্জে অত্যন্ত জনপ্রিয়। কিন্তু কেন তিনি এত জনপ্রিয় তা অনেকেই জানেন না। শহরের সাধারন মানুষের ধারণা, মেয়র আইভী অত্যন্ত জেদী ও একরোখা এবং তিনি কারো ভয়ে ভীত নন এবং কাউকে তেমন একটা জমা খরচ দিয়েও চলেন না, নিজে অন্যায় করেন না এবং অন্যায় মেনে নিতেও রাজী নন, দুর্জনের কাছে তিনি বদরাগী ও পাজী।
যে কোন ভুল তিনি গোড়াতেই শুধরে নেয়ার পক্ষপাতী, এসব কারণে শহরের অশুভশক্তি যারা এ শহরে হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজী তথা নানা নেতিবাচক কর্মকান্ডে জড়িত তাদের সঙ্গে আইভীর অবস্থান মুখোমুখী। এ কারণেই ত্বকী হত্যার প্রতিবাদে আজ সাত বছর ধরে তিনি রাজপথে অনমনীয় অবস্থানে। একই সঙ্গে নাসিকের অধঃস্তন কর্মচারী, কর্মকর্তা ও ঠিকাদাররাও সব সময় তার ভয়ে তটস্থ থাকেন, যেন, কোন ভুল করে মেয়রের সামনে পড়তে না হয়।
অপশক্তির বিরুদ্ধে তার অনমনীয় মুখোমুখী অবস্থানের কারণেই সাধারণ মানুষ তাকে নিজেদের লোক হিসেবে গ্রহণ করে নিয়েছে। পিতা আলী আহাম্মদ চুনকার মৃত্যুর পর পিতার লাশবাহী খাট ছুঁয়ে আইভী মনে মনে প্রতিজ্ঞা করেছিলেন, যে করেই হোক পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হয়েই জীবনে তিনি পিতার যোগ্য উত্তরসূরী হবেন।
এ প্রতিজ্ঞা পূরণে ২০ বছর লাগলেও তিনি যে একরোখা ও জেদী তা প্রমাণ করেছেন। আইভী চরিত্রের এ ত্যাড়ামোগুলোই মানুষের পছন্দের। আর এ কারণেই মেয়র আইভী এ শহরে এত জনপ্রিয়। যা অনেকেরই অজানা।


