নগরীর বঙ্গবন্ধু সড়কে ফের রিক্সা আরোহীর পেটে চাকু ধরে নগদ অর্থসহ দুইটি স্মার্ট ফোন ছিনিয়ে নিয়ে গেছে ৩ অজ্ঞাত ছিনতাইকারী। মঙ্গলবার ভোর সাড়ে ৪টায় নগরীর স্বর্ণপট্টির মোড়ের নিউ দীপা সুইট মিট এর সামনের বঙ্গবন্ধু সড়কে এই ছিনতাইয়ের ঘটনাটি ঘটে।
ঘটনার বিবরণে জানা যায়, মো. আমান উল্লাহ নামের এক ব্যক্তি রিক্সাযোগে যাওয়ার পথে একদল ছিনতাইকারী চক্র তার রিক্সার গতিরোধ করে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনিয়ে নিয়ে যায় ৯ হাজার ১’শ টাকা এবং ২টি এনড্রোয়েট মোবাইল ফোন। আমান উল্লাহ শেরপুর জেলার উত্তরকুন নগর এলাকার মো. জামিল উদ্দিনের ছেলে। এ ঘটনায় আমান উল্লাহ বাদী হয়ে অজ্ঞাতনামা ছিনতাইকারীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার বিষয়টি নিশ্চিত করেছন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজামান।
মামলা সূত্রে জানা গেছে, আমান উল্লাহ পেশায় একজন অটো চালক। সোমবার একটি মামলার কাজে সে নারায়ণগঞ্জে আসে। নগরীর ১নং রেল গেইট এলাকায় একটি আবাসিক হোটেলে থাকার উদ্দেশ্যে রিক্সা যোগে রওনা হলে স্বর্ণপট্টি মোড় নিউ দীপা সুইট এর দোকানে সামনে আসা মাত্রই সশস্ত্র ৩জন ছিনতাইকারী তার রিক্সার গতিরোধ করে এবং একজন তার পেটে ছুরি চেপে ধরে যা আছে বরে করে দিতে বলে। আমান উল্লাহ যুগের চিন্তাকে জানান, জীবন বাঁচাতে আমি অর্থ ও মোবাইল ফোন ছিনতাইকারীদের দিয়ে দেই। তিনি জানান, নগদ ৯ হাজার টাকা এবং ১০ হাজার টাকা মূল্যের ২টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে গেছে ওই চক্রটি।


