লিংক রোডের মাঝখানে উল্টে গেল মালবোঝাই চলন্ত ট্রাক
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০২ অক্টোবর ২০২১, ০৮:১১ পিএম
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে চলন্ত অবস্থায় মালবোঝাই ট্রাক উল্টে যাবার ঘটনা ঘটেছে৷ গত বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুর সোয়া দুইটার দিকে লিংক রোডের পশ্চিম পাশে চাঁদমারী এলাকায় এ ঘটনা ঘটে৷ এতে ট্রাকচালক ও তার সহযোগী অল্প চোট পেলেও গুরুতর হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
ট্রাকচালক রাজু জানান, ৩ টন ওজনের ট্রাকটিতে (ঢাকা মেট্রো-ড: ১৪-৬৪০৬) ১০ টনের ভাঙারি (টিন, লোহা) মালপত্র নিয়ে যাচ্ছিলেন জালকুড়ির ঢাকা সিটি মিল নামে একটি রি-রোলিং কারখানায়৷ শরীয়তপুর থেকে এসব ভাঙারি জিনিসপত্র আনা হয়েছে। মালবোঝাই ট্রাকটি ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড দিয়ে যাবার সময় চাঁদমারী এলাকায় বায়তুল হাফেজ মসজিদের বিপরীত পাশে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

চালক বলেন, সড়কটি বেশ এবড়ো-থেবড়ো৷ তিনি সঠিক বেগেই ট্রাক চালাচ্ছিলেন। যেখানে ঘটনাটি ঘটেছে সেখানে সড়কটি উচু-নিচু হওয়াতে নিয়ন্ত্রণ হারান৷ এক পর্যায়ে ট্রাকটি উল্টে যায়। এতে তিনি ও তার সহযোগী হাতে ও পায়ে আঘাতপ্রাপ্ত হলেও তা গুরুতর নয় বলে জানান। ঘটনার প্রত্যক্ষদর্শী লিংক রোডের পশ্চিম পাশের চঞ্চল সাইকেল স্টোরের মালিক শাহ্জাহান বলেন, আনুমানিক সোয়া দুইটার দিকে এ ঘটনা ঘটে। রাস্তা এবড়ো-থেবড়ো কথা সত্য। তবে ট্রাকটির গতিও ছিল বেশি। দ্রুত গতিতে যাবার এক পর্যায়ে ট্রাকটি উল্টে যায়।
ঘটনার মুহুর্তে আশেপাশে কোনো যানবাহন বা পথচারী ছিল না, থাকলে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারতো। ট্রাকটি উল্টে যাবার সাথে সাথে পেছনের একটি চাকাও খুলে সড়কের এক পাশে গিয়ে পড়ে। ট্রাক উল্টে যাবার ঘটনার পরপরই সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা এক পুলিশ সদস্য সেখানে উপস্থিত হন। পরে রেকার এনে ট্রাকটি সড়ক থেকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করেন।


