নারায়ণগঞ্জের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বির জন্মদিন ১৪ অক্টোবর। ১৯৫৮ সালের এই দিনে নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়ায় তিনি জন্মগ্রহণ করেন। তার বাবা ডা. শাহাদাত হোসেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সদস্য। মা আনোয়ারা হোসেন। রফিউর রাব্বি নারায়ণগঞ্জ হাই স্কুল, তোলারাম কলেজ, চারুকলা ইনন্সিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয় ও কিউবার ইস্কুয়েলা সুপিরিয়র নিকোয়েলাপেজ হাভানাতে পড়াশোনা করেছেন।
কৈশোর থেকেই শিল্প-সাহিত্য-লেখালেখির সাথে যুক্ত ছিলেন তিনি। ৭০ দশকে প্রথমে ছাত্র রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত হন রফিউর রাব্বি। ৯০ এর পর থেকে সুনির্দিষ্ট রাজনীতির সাথে যুক্ত না থাকলেও তিনি রাজনীতি নিরপেক্ষ নন। সমাজের ক্রিয়াশীল অনিবার্য দ্বান্দ্বিক পরিবর্তনের প্রতি বরাবরই তিনি আস্থাশীল।
তবে এ পরিচয়ের বাইরেও তার আরো অনেক পরিচয় আছে। রাজনীতির সাথে সরাসরি যুক্ত না থেকেও জন্মস্থান নারায়ণগঞ্জকে ঘিরেই রয়েছে তার অদম্য আকাক্সক্ষা। সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন একটি বাসযোগ্য সন্ত্রাসমুক্ত নিরাপদ নারায়ণগঞ্জ গড়তে। সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ, তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি, যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম, নারায়ণগঞ্জ নাগরিক কমিটি, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট সহ অসংখ্য সামাজিক সংগঠনের সাথে তিনি সম্পৃক্ত রয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করে রফিউর রাব্বি জানিয়েছেন, চৌষট্টিতে পা দিয়েছেন তিনি। জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে শুভেচ্ছা বার্তা পোস্ট করেছেন বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।


