সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় জেলা আওয়ামীলীগের র্যালী
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২১, ১১:০১ পিএম
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি বাদল বলেন, নারায়ণগঞ্জের মাটিতে যারা ধর্মীয় উস্কানি, বিভ্রান্তি করতে চায় তাদের এই মাটিতে রাখা হবে না। রাষ্ট্রীয়ভাবে যারা অশান্তির সৃষ্টি করতে চায়, ওরা স্বাধীনতার শত্রু। ওরা একাত্তরের চেতনার বিপক্ষে, ওরাই বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। ওদের বাংলার মাটিতে ঠাঁই হতে পারেনা। মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকালে জেলা আওয়ামীলীগের কার্যালয়ে সম্প্রতি সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ। বাংলাদেশে সকল ধর্মের মানুষ আমরা ভাই ভাই। হিন্দু-মুসলমানে কোনো ভেদাভেদ নাই। ইসলাম ধর্ম অন্য ধর্মের উপাসনায় বাধা দিতে বলে নাই। এই নারায়ণগঞ্জে মসজিদ, মন্দির পাশাপাশি আছে। কবরস্থান, শ্মশানসহ চার ধর্মের মানুষের শেষ স্থান একসাথে। বাংলাদেশে এটি বিরল। কুমিল্লায় যারা ভাঙচুর করেছে, তারা কি বাঙালি? তারা কি আমাদের আওতার লোক? ওরা উগ্রবাদী। ওদের উৎখাত করতে হবে।
পরে সংক্ষিপ্ত বক্তব্য শেষে জেলা ও মহানগর আওয়ামীলীগ কার্যালয় থেকে শুরু করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র্যালীটি চাষাড়ার শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নুরুল হুদা, আওয়ামীলীগ নেতা মো: নাসির, জেলা শ্রমিকলীগের আহবায়ক আব্দুল কাদের, সদস্য সচিব কামাল হোসেন, রূপগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আক্তার নিলা, শ্রমিক নেতা এসটি আলমগীর, যুবলীগ নেতা মো: সোহাগ ও মোঃ খোকা প্রমুখ।


