পিআই ও পিএইচসি কার্যক্রম জোরদার করার লক্ষ্যে কর্মশালা উদ্বোধন
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২১, ১২:০৮ এএম
নারায়ণগঞ্জ সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, নগরীতে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) ও প্রাথমিক চিকিৎসা সেবা (পিএইচসি) প্রদানে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন করছে। ‘আমরা সিটি করপোরেশন সবসময় ভালো করে যাচ্ছি। যখন এটা পৌরসভা ছিল তখনও আমাদের অর্জন ছিল প্রায় ৯৯ শতাংশ। এখনও সেই ধারাবাহিকতা বজায় রয়েছে।’
বুধবার (৩ নভেম্বর) সকালে শহরের নিতাইগঞ্জ এলাকায় নাসিক নগরভবনের সম্মেলন কক্ষে ইপিআই ও পিএইচসি কার্যক্রম জোরদার করার লক্ষ্যে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) যৌথ উদ্যোগে এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সার্বিক সহযোগিতায় ওই কর্মশালার আয়োজন করা হয়।
মেয়র আইভী আরো বলেন, ‘এখন মায়েরাও অনেক সচেতন। বাচ্চাদের টিকা দেওয়ার জন্য এখন আমাদের ঘরে ঘরে গিয়ে বলতে হয় না যে আসুন। এটাকে আরো সচেতন করার জন্যে এবং আমাদের সেবাটাকে সহজ করার জন্য, মানে প্রত্যেকটা জনগণের বা জনগোষ্ঠীর বা প্রান্তিক গোষ্ঠীর দ্বারপ্রান্তে নিয়ে যাওয়ার জন্য আমাদের যা করণীয় এখন আমাদের ওইভাবে ডিজাইন, ড্রইং যা বলেন ওই পরিকল্পনায় পৌঁছে দিতে হবে।’
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ইউনিসেফ কনসালটেন্ট ডা. ফারহানা রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ, ইপিআই পোগ্রাম ম্যানেজার ডা. মাওলা বক্স চৌধুরী, ডেপুটি পোগ্রাম ম্যানেজার ডা. তানভীর আহমেদ প্রমুখ।


