মেয়র আইভীর প্রচেষ্টায় সৎকারকর্মীরা পেলো উন্নত আবাসস্থল
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২১, ১২:৪০ এএম
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর প্রচেষ্টায় কেন্দ্রীয় মহাশ্মশানে সৎকার কাজে স্থায়ীভাবে নিয়োজিত চারটি পরিবার পেয়েছে উন্নত সুযোগ-সুবিধাসম্পন্ন আবাসস্থল। শনিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় নগরীর মাসদাইর এলাকায় অবস্থিত কেন্দ্রীয় সিটি শ্মশানের ভেতর নির্মিত এ ভবনটি উদ্বোধন করেন তিনি।
সৎকার কাজে নিয়োজিত শিল্পী দাস বলেন,আমাদের শ্মশানের ভেতরে বাসস্থান ছিল। তবে পূর্বের আবাসস্থলে পানি, বিদ্যুতের অনেক সমস্যা ছিল। মেয়র আইভী আমাদের এই ভবন করে দেওয়ায় আমরা উপকৃত হয়েছি। নতুন আবাসস্থলে পয়নিষ্কাশন ব্যবস্থাও অনেক উন্নত। একই কথা বললেন এই ভবনের বাসিন্দা মৌসুমি দাস ও রাণী দাস । এক তলা বিশিষ্ট ভবনটিতে রয়েছে চারটি শয়নকক্ষ। সামনে আলাদা জায়গা, আলাদা রান্নাঘর এবং বাথরুম। এই ভবনে চারটি পরিবার বসবাস করবে। সকলেই শ্মশানে সৎকার কাজে নিয়োজিত।
এর আগে মহাশ্মশানে নির্মিত তিনতলা বিশিষ্ট অন্নপূর্ণা ভবনটিও উদ্বোধন করেন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তিনি। সকলকে শুভেচ্ছা জানিয়ে সিটি মেয়র বলেন, ‘সকলের মঙ্গল কামনা করি। আপনাদের পাশে থেকে আগামীতে যেন কাজ করতে পারি সেই প্রার্থনা করবেন।’
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আদিনাথ বসু, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খোরশেদ, ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, ১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর শারমিন হাবীব বিন্নি ও জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি শংকর সাহা প্রমুখ।


