বাবার কাছে শিখেছি কিভাবে মানুষকে ভালোবাসতে হয়: শফি
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২১, ০২:৫৫ এএম
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর শফিউদ্দিন প্রধান বলেছেন, আমি আমার বাবার কাছে শিখেছি কিভাবে মানুষকে ভালোবাসতে হয়। তিনি আমাকে মানুষকে ভালোবাসার শিক্ষা দিয়ে গেছেন।
গতকাল বিকেলে শহরের নন্দীপাড়া (ডিএন রোড) এলাকায়, নাসিক ১৪ নং ওয়ার্ড’র নির্বাচনের ৫ বছর পূর্তি উপলক্ষে ১৪ নং ওয়ার্ড যুব ও তরুণ সমাজের উদ্যোগে আয়োজিত একটি মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে কাউন্সিলর শফিউদ্দিন প্রধান এ কথা বলেন।
মতবিনিময় সভায় উপস্থিত শত শত সাধারণ মানুষের উদ্দেশ্যে শফিউদ্দিন প্রধান বলেন, করোনাকালে আমি ভয়াবহ পরিস্থিতি দেখেছি এই ওয়ার্ডের মানুষের। অনেকে মারা গেছে, তাদের আত্মীয় স্বজন কেউ পাশে ছিলোনা। কেউ দাফন-কাফন অথবা সৎকারের জন্য এগিয়ে আসেনি। আমি ৫ তলার উপর থেকে লাশ নামিয়েছি। অনেক কষ্ট করেছি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখন অনেক প্রার্থীরা এসে আমার ওয়ার্ডের সাধারণ মানুষকে বলছে, ‘আমি কাজ করার সুযোগ চাই’! তাই আমি শফিউদ্দিন প্রধান তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা সাধারণ মানুষের দুঃসময়ে কোথায় ছিলেন? তখন-তো আপনাদের দেখাই যায়নি। রিক্সা বন্ধ, ঠেলাগাড়ী বন্ধ, ব্যবসা বন্ধ, সকল ধরনের কাজ বন্ধ ছিলো; নিন্ম-আয়ের মানুষ বোবা কান্না করেছে একটু ত্রানের জন্য। কোথায় ছিলেন তখন? এখন আসছেন সেবা করতে! ১৫ নং ওয়ার্ডের সাধারণ মানুষের সেবা করার জন্য আমি শফিউদ্দিন প্রধানই যথেষ্ট।
তিনি বলেন, বাজনাপাড়াসহ এই ওয়ার্ডের অনেক এলাকাতেই ভালো প্রশস্থ রাস্তা ছিলোনা, মানুষ মারা গেলে লাশটাও বের করা যায়নি। আমি সেখানে বড় রাস্তা করে দিয়েছি। দাতাসড়ক, ভূয়ারবাগ, সাউপাড়া এবং এর আশাপাশে অধিকাংশ এলাকাতেই এখন ভালো ভালো রাস্তা হয়েছে। আমি কোথাও ভাঙা রাস্তা রাখি নাই। অথচ আমি কাউন্সিলর হওয়ার আগে এসব এলাকায় বেশির ভাগ রাস্তারই বেহাল দশা ছিলো। লাইট ছিলোনা আর মশার যন্ত্রণাতো ছিলোই। কিন্তু এখন আল্লাহর রহমতে এসব সমস্যার সমাধাণ হয়েছে। এই নির্বাচনে আপনারা ভোটের মাধ্যমে আমাকে নির্বাচিত করলে আমি আবারো আপনাদের সেবা করতে চাই। আপনারা মন থেকে আমাকে ভোট দিয়েন। আমাদের বাবার বড় ওয়ার্কশপ ছিলো। আমি তার সাথে অনেক সময় দিতাম। তিনি আমাকে শিখিয়েছেন কিভাবে মানুষকে ভালো বাসতে হয়।
এদিকে মতবিনিময় সভার শুরুতেই একে একে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৪ নং ওয়ার্ডের বেশ কয়েকটি এলাকার, বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন। শফিউদ্দিন প্রধানকে আসন্ন নাসিক নির্বাচনে স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে ভোটের মাধ্যমে জয়যুক্ত করার প্রতিশ্রুতী দিয়ে তারা সভায় বলেন, ‘ আমরা এই ওয়ার্ডের অধিকাংশ মানুষই, করোনাকালে নানা সমস্যায় ছিলাম। তখন আমাদের আশেপাশে অনেক আপনজন থেকেও, না থাকার মতোই ছিলো। বিপদের সময় ডেকে কাউকেই পাইনি। তবে আমাদের কাউন্সিলর শফিউদ্দিন ভাই ভয়াবহ করোনা পরিস্থিতির মধ্যেও আমাদের সাহায্যের জন্য ছুঁটে এসেছিলেন প্রত্যেকের ঘরে ঘরে। কাউকে খাদ্য, কাউকে নগদ টাকা আবার অনেক মৃত মানুষকে করোনাকালে দাফন-সৎকারের ব্যবস্থা করে দিয়ে, নিজেকে একজন সম্মুখ-সারির যোদ্ধা হিসেবে পরিচিত করেছেন আমাদের মাঝে। তাই আসন্ন নির্বাচনে ১৪ নং ওয়ার্ডের জনপ্রতিনিধি হিসেবে আমরা শফিউদ্দিন প্রধানকেই চাই। আমরা তাকে অব্যশ্যই ভোট দিয়ে জয়যুক্ত করবো।
এদিকে মতবিনিময় সভায় নন্দীপাড়া ডিএন রোড বায়তুল মাহফুজ জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিননের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন, অর্পন প্রধান, দর্পন প্রধান, মামুন প্রধান, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সিখন সরকার, এড. বিদুৎ সাহা, ইব্রাহিম হোসেন পিলু, অরুন কুমার দাস প্রমুখ।


