প্রথমদিন করোনার টিকা পেল ৬০০ এইচ.এস.সি পরীক্ষার্থী
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২১, ০৯:৫৭ পিএম
নারায়ণগঞ্জে শিক্ষার্থীদের করোনার ভ্যাকসিন প্রদান শুরু হয়েছে। বুধবার সকালে জেলা পরিষদ কার্যালয়ের পাশে ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজে এই কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ ও জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ।
প্রথম দিন সরকারি তোলারাম কলেজের এইচ.এস.সি. পরীক্ষার্থীদের মধ্যে ৬০০ শিক্ষার্থীকে ফাইজারের প্রথম ডোজের ভ্যাকসিন প্রদান করা হয়। স্বাস্ব্যবিধি মেনে ছেলে ও মেয়েদের আলাদা বুথের মাধ্যমে এই ভ্যাকসিন দেয়া হয়। ভ্যাকসিন নিতে সকাল থেকে ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজে ভীড় করে কয়েক হাজার শিক্ষার্থী।
জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ জানান, স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সোয়া লাখ শিক্ষার্থীকে পর্যায়ক্রমে ভ্যাকসিনের আওতায় আনা হবে। সেই লক্ষ্যে বৃহস্পতিবার থেকে নগরীর আরো তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে ভ্যাকসিন দেয়া শুরু হবে। তিনি আশা করছেন, আগামি ১০ থেকে ১৫ দিনের মধ্যে ২৫ হাজার এইচ.এস.সি. ও সমমানের সকল পরীক্ষার্থীকে ভ্যাকসিনের আওতায় আনা সম্ভব হবে। তবে সিভিল সার্জন জানান, ফাইজার ভ্যাকসিন চাহিদা অনুযায়ী পর্যাপ্ত পরিমাণ সরবরাহ না করায় উপজেলা পর্যায়ে পৌঁছানো সম্ভব হয়নি। উপজেলাকেন্দ্রিক শিক্ষার্থীদের আপাতত শহরে এসেই ভ্যাকসিন গ্রহণ করতে হবে।


