মানুষের কল্যাণে কাজ করব : আনোয়ার হোসেন
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২১, ০৬:৩০ পিএম
নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বলেছেন, ‘আমি যত দিন বেঁচে থাকবো আমি মানুষের কল্যাণে কাজ করবো। কারণ মানুষকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা যায়। এই পৃথিবীর পর আরও এক জনম রয়েছে যে জনমে চিরদিন থাকতে হবে আমি মুসলিম হিসেবে সেটা বিশ্বাস করি এবং সে বিশ্বাস নিয়েই আমি আজকের দুনিয়ায় কাজ-কর্ম করে যাচ্ছি।’
সোমবার (২৯ নভেম্বর) দুপুরে মর্গ্যান গার্লস স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
আনোয়ার হোসেন বলেন, এই শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদেরও সভাপতি। তিনি আরও বলেন, ‘এই স্কুলকে নিয়ে আমার অনেক স্বপ্ন। আমি এই স্কুলকে মায়ের মতো ভালোবাসি। ছাত্রীদের সন্তানের মতো স্নেহ করি। স্কুলের শিক্ষকদের আমি অনেক শ্রদ্ধা করি। যে ব্যক্তির ভিতরে লেখাপড়ার গুণ নাই সে ব্যক্তি জীবনে বড় হতে পারে না। তোমরা এক সময় ছোট ছিলে, মায়ের গর্ভে ছিলে। মা তোমাদের স্নেহ মায়া মমতা দিয়ে বড় করেছে। সেই মায়ের প্রতি কখনো অশ্রদ্ধাশীল হইয়ো না। মা বাবা তোমাদের নিয়ে অনেক স্বপ্ন দেখে। যে ব্যক্তি মা-বাবার প্রতি শ্রদ্ধাশীল থাকতে পারে না সে কোনদিন বড় হতে পারে না। সে সাময়িকভাবে সুখি হলেও পরবর্তীতে সুখি হতে পারবে না। জীবনে যত বড়ই হও বাপ মার প্রতি, শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল হও। তাহলেই জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে।
মর্গ্যান গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিচালনা পরিষদের সাবেক সদস্য ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আহসান হাবীব, সাবেক সদস্য হুমায়ূন কবির, বর্তমান সদস্য মোশারফ হোসেন জনি, সহকারী প্রধান শিক্ষক লায়লা আক্তার সহ প্রমূখ।


