নেতাদের উপর ক্ষুব্ধ পরিবহন শ্রমিকরা
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২১, ০৫:২৯ পিএম
# ড্রাইভার হেলপারদের বেতন বৃদ্ধির প্রসঙ্গে মুখে কুলুপ এটেছেন, শ্রমিক নেতারা
# বাস মালিকরাই শ্রমিক নেতা হওয়ায় প্রকৃত শ্রমিকদের পক্ষে কথা বলেনা কেউ
নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন বাস কোম্পানীতে কর্মরত পরিবহন শ্রমিকদের দীর্ঘদিন ধরে বেতন বাড়ানো হচ্ছেনা বলে অভিযোগ করেছেন শ্রমিকরা। তারা বলছেন, গত ২ বছরে দেশে নিত্যপণ্য এবং অন্যান্য যিনিসের দাম অতিমাত্রায় বাড়লেও, পরিবহন মালিকরা তাদের বেতন বৃদ্ধি করেনি। এতে তাদের সংসারের খরচ চালাতে হিমশিম খেতে হচ্ছে। সূত্র বলছে, বেতন বৃদ্ধি না হওয়া-সহ নানান কারণে, নারায়ণগঞ্জের উল্লেখযোগ্য পরিবহন কোম্পানীগুলোর প্রায় ৭০০ শ্রমিকের আজ দৈন্যদশা চলছে। এদিকে, বেতন না বৃদ্ধি হওয়ার জন্য স্বাভাবিক ভাবে বাস মালিকরা দায়ী থাকলেও, পরিবহন শ্রমিকরা বলছেন ভিন্ন কথা। তাঁদের মতে, মূলত শ্রমিক নেতাদের দায়সারা ভাবের কারণেই পরিবহন শ্রমিকদের বেতন বাড়নো হচ্ছেনা।
দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধি না হওয়াতে ক্ষুব্ধ পরিবহন শ্রমিকদের দাবি, নারায়ণগঞ্জে শ্রমিকদের নেতৃত্ব দেওয়া নাম করে অনেক শ্রমিক নেতাই যুগের পর যুগ ধরে সাধারণ পরিবহন শ্রমিকদের বিভিন্ন কাজে ব্যবহার করেছেন। কিন্তু যখই শ্রমিকদের কোন অধিকার আদায়ের বিষয় সামনে এসেছে, ঠিক তখনই ঐ সকল শ্রমিক নেতারা মুখে কুলুপ এটে বসেছেন! তাছাড়া এই ধারাবাহিকতা এখনো চলছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাস ট্রার্মিনালের অসংখ্য পরিবহন শ্রমিক। তবে শ্রমিক নেতারা বলছেন, পরিবহন শ্রমিকদের বিভিন্ন দাবি নিয়ে পরিবহন মালিকদের সাথে তাদের কথা হচ্ছে। দ্রুতই এর সুফল পাবে শ্রমিকরা।
হাসান মিয়া নামে আনন্দ বাস কোম্পানীর এক ড্রাইভার বলেন, ‘আমাদের পক্ষে গাড়ী চালাইয়া এখন আর সংসার চালালো যায়না। কারণ এখন সবকিছুর দামই বাইড়া গেছে, খালি বাড়ে নাই আমাগো বেতন। একটা ট্রিপ মারলে পাই দুইশ টাকা, দুইটা মারলে চারশ। তাই একদিন গাড়ী চালাইলে ৫’শ টাকার মতো পাই। কিন্তু সমস্যা হইসে, আমাগো তো একদিন পর পর গাড়ী চালাইতে হয়। মাসে ত্রিশদিন গাড়ী চালাইতে পারিনা। তাই বেতন যতোদিন না বাড়ব ততদিন আমাগো সমস্যা, সমস্যাই থাইক্কা যাইবো।
মোহাম্মদ সোহান বন্ধন বাস কোম্পানীর একজন ড্রাইভার। তিনি বলেন, বহুদিন যাবৎ আমাদের বেতন বাড়ানো হচ্ছেনা। এতে আমাদের সংসার চালাতে খুব কষ্ট হচ্ছে। কিন্তু আমাদের শ্রমিক নেতা যারা আছেন, তারা এ বিষয়ে কোনো পদক্ষেপই নিচ্ছেনা। আমরা বলেছি তাদের যে, আমাদের শ্রমিকদের বেতন যাতে বাড়ানো হয়। তবে আমাদের পরিবহন শ্রমিকদের পক্ষ থেকে বেতন বৃদ্ধির দাবি জানানোর পর থেকেই তারা মুখে কুলুপ এটে বসেছে। বাস মালিকদের সাথে কোনো কথাই বলছেনা। আসলে শ্রমিক নেতারা যদি শ্রমিকদের হয়ে কথা না বলে তাহলে তো আমাদের সব সময়ই কষ্ট করে যেতে হবে। বেতন আর বাড়বেনা!
অন্যদিকে, শ্রমিকদের বেতন বৃদ্ধির বিষয়ে মালিকপক্ষ্যের সাথে আলোচনা চলছে জানিয়ে নারায়ণগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি খাজা ইরফান আলী বলেন, আমরা বাস মালিকদের সাথে পরিবহন শ্রমিকদের বেতন বৃদ্ধির বিষয়ে আলোচনা করছি। আশাকরি দ্রুতই তারা কিছু একটা করবেন।
আর নারায়ণগঞ্জ বিভাগীয় শ্রমিক অধিদপ্তরের পরিচালন খোরশেদুল হক ভূইয়া বলেন, শ্রম আইনের বিভিন্ন ধারা আছে। নারায়ণগঞ্জের সকল শ্রমিক সংগঠনগুলো একত্রিত হয়ে নিময় অনুযায়ী যদি বেতন বৃদ্ধির জন্য আবেদন করেন। তাহলে আমরা শ্রমিক নেতাদের সঙ্গে নিয়ে মালিক পক্ষ্যের সাথে আলোচনা করতে পারি।


