প্রার্থীর গুণকীর্তন ও ভোট ভিক্ষার মাইকিংয়ে কান ঝালাপালা
পরিচয় প্রকাশ গুপ্ত
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২১, ০৪:২৮ পিএম
# মাইকিংয়ের সময় বেঁধে দেয়া হোক
গত ৩০ নভেম্বর নারায়ণগঞ্ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনের তফসিল ঘোষণা করতেই নারায়ণগঞ্জ শহরে বেজে উঠেছে নাসিক নির্বাচনের রণ দামামা। ১ডিসেম্বর থেকে শহর জুড়ে একই সঙ্গে ঝঙ্কার দিয়ে ইঠেছে শতাধিক মাইক। এসব মাইকে একই সঙ্গে চলছে প্রার্থীর গুণকীর্তন ও তার পক্ষে ভোট ভিক্ষা।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডে এবার সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী সংখা শতাধিক। প্রতিটি ওয়ার্ডে হাফ ডজন করে কাউন্সিলর প্রার্থী, এরপর রয়েছে ৯টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর আসন ও মেয়র পদ। বর্তমানে ভোট ভিক্ষুকের সালাম আদাব শুনতে শুনতে এখন শহরবাসীর ঘুম ভাঙ্গে এবং গুণকীর্তন শুনতে শুনতে তারা ঘুমিয়ে পড়ে। দুর্দিনের বন্ধু, শফিউদ্দিন ভাই, উন্ন্য়নের রূপকার, শফিউদ্দিন ভাই, ন্যায় বিচারক শফিউদ্দিন ভাই, করোনা যোদ্ধা, শপিউদ্দিন ভাই, সংখ্যালঘুদের মুশকিল আছান শফিউদ্দিন ভাই ইত্যাদি যত ভাল ভাল বিশেষণ আছে তার সবই জুড়ে দেয়া হচ্ছে এখন শফিউদ্দিনের নামের আগে। আমি ১৪নং ওয়ার্ড বাসিন্দা। তাই, এসব শুনতে শুনতেই আমার ঘুম ভাঙ্গে। আবার এসব শুনতে শুনতেই ঘুমিয়ে পড়ি। এসব শুনতে শুনতে মহল্লাবাসীদের কান এখন ঝালাপালা হয়ে যাচ্ছে। চরম ভোগান্তিতে পড়েছে এইচএসসি ও স্কুল ফাইনাল পরীক্ষার্থী ছাত্র-ছাত্রীরা। এরা পড়াশোনায় মন দিতে পারছে না। নামাজের সময়েও মাইকিংয়ে কোন যতি পড়ছে না। প্রশাসনের কাছে তাই শহরবাসীর আবেদন, প্রার্থীদের মাইকিংয়ের সময় বেঁধে দেয়া হোক এবং তা প্রতিপালনে তাদের বাধ্য করা হোক।


